উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

উলিপুরে জুলাই শহীদ দিবস পালিত: দেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ছবি : প্রতিদিনের সংবাদ

কুড়িগ্রামের উলিপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম. আরিফের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা স্কাউটস কমিশনার রফিকুল ইসলাম আনসারী। সভায় জুলাই দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. মেহেদী হাসান, উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক, উপজেলা বিএনপির সদস্যসচিব হায়দার আলী মিঞা, জামায়াতে ইসলামীর জেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল জলিল, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি তৌহিদুল ইসলাম, উলিপুর পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ, সদস্যসচিব সহকারী অধ্যাপক সোলায়মান আলী সরকার, উপজেলা এনসিপির আহ্বায়ক সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উলিপুর উপজেলা সভাপতি আব্দুল্লাহ আল ফারাবি, জুলাই আন্দোলনের যোদ্ধা আব্দুল্লাহ আল নাহিন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মামুনুর রশিদ প্রমুখ।

বক্তারা বলেন, জুলাই আন্দোলন ছিল গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার প্রতীক। শহীদদের আত্মত্যাগ জাতির জন্য চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁদের আদর্শ ও চেতনা ধারণ করে আইনের শাসন, মানবিক মূল্যবোধ এবং পারস্পরিক সম্প্রীতির ভিত্তিতে দেশ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। একই সঙ্গে নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক মূল্যবোধ ও দেশপ্রেমের চর্চা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়