শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

শায়েস্তাগঞ্জে কৃষি কর্মকর্তার ওপর হামলায় ২ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ছবি : প্রতিদিনের সংবাদ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জাকির হোসেন চৌধুরীর (৩৪) ওপর হামলা চালিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে স্থানীয় দুই বিএনপি নেতার বিরুদ্ধে। গত মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নূরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভেতরে এ ঘটনা ঘটে।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, নূরপুর ইউনিয়নের পুরাসুন্দা গ্রামের মৃত সিদ্দিক আলীর ছেলে ও ইউনিয়ন বিএনপির সভাপতি নূরুল ইসলাম এংরাজ মেম্বার এবং একই গ্রামের মৃত মুতি মিয়ার ছেলে ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ কানাই মিয়ার নেতৃত্বে এ হামলা চালানো হয়। তাঁরা ওই উপসহকারী কৃষি কর্মকর্তাকে ইউনিয়ন পরিষদের ভেতরে ডেকে নিয়ে অতর্কিত হামলা চালান। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে গুরুতর রক্তাক্ত অবস্থায় হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল ওয়াদুদ বলেন, "নূরপুর ইউনিয়নে কৃষি ব্লকের দায়িত্বে থাকা অবস্থায় উপসহকারী কৃষি কর্মকর্তার ওপর অতর্কিত হামলা চালিয়ে তাঁকে রক্তাক্ত জখম করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং মামলাটি দ্রুত বিচারার্থে আদালতে পাঠানো হয়েছে।"

এদিকে স্থানীয় সচেতন মহলের অভিযোগ, রাজনৈতিক পটপরিবর্তনের পর এই দুই নেতার দাপটে ইউনিয়নবাসী অতিষ্ঠ। অভিযোগ রয়েছে, নূরুল ইসলাম এংরাজ ও আব্দুল মজিদ কানাই মিয়ার সমন্বয়ে রাতের আঁধারে দিনমজুর দিয়ে শাহজীবাজার রাবার বাগানের রাবার ও গাছ চুরি করে পাচার করা হচ্ছে। এ ছাড়া রাবার বাগান ও লালচান্দ চা-বাগানের ভেতরে জুয়ার আসর বসিয়ে প্রতিদিন হাজার হাজার টাকা কমিশন নেওয়ার অভিযোগও উঠেছে তাঁদের বিরুদ্ধে।

এসব অভিযোগের বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য অভিযুক্ত দুই বিএনপি নেতার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।

শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বানী চৌধুরী বলেন, "নূরপুর ইউনিয়নে উপসহকারী কৃষি কর্মকর্তার ওপর হামলার বিষয়টি আমি শুনেছি। সরকারি কর্মকর্তার ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

এদিকে একজন সরকারি কর্মকর্তার ওপর ইউনিয়ন পরিষদের ভেতরে এমন বর্বরোচিত হামলার ঘটনায় স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ ও ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়