শেরপুর প্রতিনিধি
শেরপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে যুবক আটক, ১ মাসের কারাদণ্ড

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাতে উপজেলার কাংশা ইউনিয়নের দরবেশতলা কালিস্থান এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা ভৌমিক।
দণ্ডপ্রাপ্ত মো. জিয়াউর রহমান (৩৫) উপজেলার গান্ধিগাঁও গ্রামের জামাল উদ্দিনের ছেলে। দণ্ড ঘোষণার পরই তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জিয়াউর রহমান দীর্ঘদিন ধরে দরবেশতলা কালিস্থান এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে তা বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে হাতেনাতে তাঁকে আটক করে। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানকালে অবৈধ বালু পরিবহনে ব্যবহৃত তিনটি চৌকিভ্যান জব্দ করা হয়। এ ছাড়া একই দিনে পরিচালিত পৃথক আরেকটি অভিযানে বালুভর্তি একটি মাহিন্দ্র গাড়িও জব্দ করেছে প্রশাসন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা ভৌমিক জানান, পাহাড়ি জনপদের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলন এবং পরিবহনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
পিডিএস/এমএইউ









































