রাজধানীতে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, ঢামেকে ভর্তি

রাজধানীর দক্ষিণখানের কাওলা এলাকায় দুই বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়েছে।
সোমবার (6 জুলাই) দুপুরে দক্ষিণখানের কাওলা এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
শিশুটির মা জানান, সন্তান গর্ভে থাকা অবস্থায় তার স্বামী অন্যত্র চলে যান। মেয়েকে নিয়ে ওই এলাকায় থাকেন এবং অন্যের বাড়িতে কাজ করেন। ঘটনার দিন বেলা ১টার দিকে শিশুটিকে বাসায় রেখে কাজে যান। প্রায় দেড় ঘণ্টা পর ফিরে এসে শিশুর পোশাকে রক্তের দাগ দেখতে পান। পরে প্রতিবেশীদের সহায়তায় প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ও সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে যান।
শিশুটির মা অভিযোগ করেন, পাশের বাসার ১০ বছর বয়সী একটি ছেলে প্রায়ই তাঁর মেয়ের সঙ্গে খেলাধুলা করত। তাঁর অভিযোগ, ওই শিশুই তার মেয়েকে যৌন নিপীড়ন করেছে।
ঢামেক হাসপাতালের গাইনি বিভাগের এক চিকিৎসক জানান, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
দক্ষিণখান থানার ওসি শরিফুল ইসলাম বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।









































