মিরপুরে কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপ’-এর সদস্য গ্রেপ্তার

র্যাব সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের পাশাপাশি বর্তমানে রাজধানীতে বহুল আলোচিত বিপথগামী কিশোর গ্যাং সদস্যদের আইনের আওতায় নিয়ে আসতে তৎপর। এরই ধারাবাহিকতায় রবিবার ভোরে র্যাব-৪-এর একটি আভিযানিক দল পল্লবী থানাধীন মিরপুর-১২-এর এভিনিউ-৫ এলাকায় অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপ’-এর লিডার আশিকের অন্যতম সহযোগী মো. পারভেজ (২৮)-কে গ্রেপ্তার করে। এর আগে গত ১৭ জুন ওই গ্রুপের সক্রিয় সদস্য টান আকাশ ও ইমনসহ চারজন কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করে র্যাব-৪।
মামলার এজাহার এবং গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সম্প্রতি মিরপুর ও পল্লবী এলাকায় কয়েকটি কিশোর গ্যাংয়ের সদস্যদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ভিডিও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপ’-এর অন্যতম সক্রিয় সদস্য পারভেজের বিরুদ্ধে পল্লবী থানার মামলা নং ০৯(১)২৫-এর ভিত্তিতে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এছাড়া তার বিরুদ্ধে পল্লবী ও মিরপুর থানায় ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে আরও দুটি মামলা রয়েছে।
কিছুদিন ধরে কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপ’-এর সক্রিয় সদস্যরা নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিও প্রচার করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল।
ঘটনার পরপরই র্যাব-৪-এর আভিযানিক দল ঘটনার রহস্য উদ্ঘাটন এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান শনাক্ত করে র্যাব-৪-এর একটি আভিযানিক দল কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপ’-এর অন্যতম সক্রিয় সদস্য পারভেজকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৪ জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে তাদের জোরালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।









































