ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
ডিমলায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে নীলফামারীর ডিমলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) মীর হাসান আল বান্না, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসূল আলম চৌধুরী, অধ্যাপিক সেতরা সুলতানা এবং জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান।
অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আলোচনা করা হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের এ আয়োজনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুধীজন উপস্থিত ছিলেন।









































