খামেনির প্রতি ইরানিদের ভালোবাসা দেখে বিস্মিত ট্রাম্প

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলি খামেনির জানাজায় লাখ লাখ মানুষকে কাঁদতে দেখে বিস্মিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে। কিন্তু এত মানুষকে কাঁদতে দেখে আমি অবাক হয়েছি।’ মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
একটি টেলিফোন সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, তিনি চাইলে জানাজায় অংশ নেওয়া ‘সবাইকে নিশ্চিহ্ন’ করে দিতে পারতেন। তবে তিনি যদি এই হুমকি কার্যকর করেন, তাহলে ‘আলোচনা করার মতো আর কেউ অবশিষ্ট থাকবে না।’
ট্রাম্প অ্যাক্সিওসকে জানান, খামেনির জানাজা শেষ না হওয়া পর্যন্ত আলোচনা থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র।
তিনি আরো বলেন, ‘জানাজার আনুষ্ঠানিকতা চলাকালীন কোনো পক্ষই অপর পক্ষকে লক্ষ্য করে গুলি চালাবে না।’
গত শুক্রবার তেহরানে আনুষ্ঠানিকভাবে আয়াতুল্লাহ আলি খামেনির শোক ও দাফন অনুষ্ঠান শুরু হয়েছে। টানা সাত দিন ধরে ইরান ও ইরাকের বিভিন্ন শহরে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও শোকযাত্রা অনুষ্ঠিত হবে। শুক্রবার তেহরানে বিদেশি নেতাদের বেশির ভাগই খামেনির প্রতি শেষশ্রদ্ধা জানিয়েছেন।
শনিবার ও রবিবার তেহরানে সাধারণ মানুষের জন্য রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ সময় সর্বস্তরের মানুষ আয়াতুল্লাহ আলি খামেনি ও তার পরিবারের প্রয়াত কয়েকজন সদস্যের প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন।









































