শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

শিবচরে মশার কয়েলের আগুনে ২ গরুর মৃত্যু, বসতঘর ক্ষতিগ্রস্ত

ছবি : প্রতিদিনের সংবাদ

মাদারীপুরের শিবচর উপজেলায় গোয়ালঘরে আগুন লেগে দুইটি গরু পুড়ে মারা গেছে। এ ঘটনায় গোয়ালঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হওয়ার পাশাপাশি পাশের একটি বসতঘরেরও আংশিক ক্ষতি হয়েছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।

গত রবিবার দিনগত রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার বন্দরখোলা ইউনিয়নের কাজির সূরা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত নুরুজ্জামান মোড়ল জানান, পদ্মা নদীতে বাড়ি বিলীন হওয়ার পর থেকে তিনি কাজির সূরা গ্রামে বসবাস করছেন। রাতে গোয়ালঘরে জ্বালিয়ে রাখা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা প্রায় ১ ঘণ্টা চেষ্টা করে তা নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে গোয়ালঘরে থাকা আনুমানিক ৩ লাখ টাকা মূল্যের দুইটি গরু পুড়ে মারা যায় এবং পাশের বসতঘরটি ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় কাজিরসূরা দরবার শরীফের পীর সাইদুর রহমান আল সুরুজী জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় গরু দুটি উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

এ বিষয়ে শিবচর ফায়ার সার্ভিসের ইনচার্জ তপন কুমার ঘোষ জানান, রাতে কাজিরসূরায় আগুন লাগার এমন কোনো খবর তারা পাননি।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়