নিজস্ব প্রতিবেদক
আনসার-ভিডিপির কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কৃতি ক্রীড়াবিদদের সাফল্যের স্বীকৃতি দিতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে আজ রবিবার গাজীপুরের সফিপুরে অবস্থিত আনসার ও ভিডিপি একাডেমিতে এক বর্ণাঢ্য সংবর্ধনা, প্রাইজমানি বিতরণ ও ৯ম জাতীয় বেসবল টুর্নামেন্ট-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মো. আমিনুল হক এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, "বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একদিকে শৃঙ্খলা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশের প্রান্তিক পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করছে, অন্যদিকে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দক্ষ ও প্রতিভাবান খেলোয়াড় তৈরি করে দেশের জন্য গৌরব বয়ে আনছে। কৃতি খেলোয়াড়দের এই সম্মাননা তাদের কঠোর পরিশ্রম, আত্মত্যাগ ও দেশপ্রেমের যথার্থ স্বীকৃতি। এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলায় আরও উৎসাহিত করবে।"
অনুষ্ঠানে কাবাডি, উশু, বক্সিং, টেবিল টেনিস, কারাতে, ভলিবল, ব্যাডমিন্টন ও ভারোত্তোলনসহ বিভিন্ন ডিসিপ্লিনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ২৩ জন খেলোয়াড়ের হাতে সম্মাননা ও প্রাইজমানি তুলে দেওয়া হয়।
সংবর্ধনা শেষে প্রতিমন্ত্রী একাডেমির মাঠে আয়োজিত ৯ম জাতীয় বেসবল টুর্নামেন্ট-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে যোগ দেন। দেশে বেসবল খেলার বিকাশে আনসার-ভিডিপির ধারাবাহিক অবদান ও সফল আয়োজনের প্রশংসা করে তিনি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল 'বাংলাদেশ পুলিশ বেসবল দল'-এর অধিনায়কের হাতে বিজয়ী ট্রফি তুলে দেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার তরুণ প্রজন্মের মেধা ও সুস্থ মানসিক বিকাশে শিক্ষার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিচ্ছে। বেসবলের মতো সম্ভাবনাময় খেলাকে রাজধানীকেন্দ্রিক না রেখে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় ছড়িয়ে দিতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে, যা তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভা বিকাশের সুযোগ সম্প্রসারিত করবে।
বিশেষ অতিথির বক্তব্যে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, "ক্রীড়া মাদকমুক্ত, শৃঙ্খলাবদ্ধ ও মূল্যবোধসম্পন্ন যুবসমাজ গঠনের অন্যতম কার্যকর মাধ্যম। দেশের সর্ববৃহৎ তৃণমূলভিত্তিক বাহিনী হিসেবে আনসার-ভিডিপি বিকেএসপির সহযোগিতায় প্রতিভাবান খেলোয়াড় তৈরি ও তাদের দক্ষতা বিকাশে ধারাবাহিকভাবে কাজ করছে। সরকারের ক্রীড়া উন্নয়ন উদ্যোগে আমরা এক গর্বিত অংশীদার।"
দীর্ঘদিন ধরে ক্রীড়া উন্নয়ন, প্রতিভা লালন এবং আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ গড়ে তোলার ক্ষেত্রে আনসার-ভিডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কৃতি খেলোয়াড়দের এই সম্মাননা ও বেসবল টুর্নামেন্টের সফল আয়োজন দেশের ক্রীড়াঙ্গনে বাহিনীর বহুমাত্রিক অবদানের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট ও উপমহাপরিচালক মো. সাইফুল্লাহ রাসেল, বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা।
পিডিএস/এমএইউ









































