ষষ্ঠ উইকেটে ৪০১ রানের জুটি গড়ে চেজ-জাঙ্গুর বিশ্বরেকর্ড

টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ রানের জুটির বিশ্বরেকর্ড গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের রোস্টন চেজ ও আমির জাঙ্গু। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ৪০১ রানের জুটি গড়ে এই রেকর্ড গড়েন তারা।
অ্যান্টিগা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ষষ্ঠ উইকেটে ৬০২ বলে ৪০১ রান যোগ করেন চেজ ও জাঙ্গু। এর মধ্যে ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নেমে ৩৭৩ বলে ২৩৩ রান করেন জাঙ্গু। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ করেন ১৯৪ রান। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ের ওপর ভর করে ওয়েস্ট ইন্ডিজ এক ইনিংস ও ২১৭ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে।
টেস্ট ইতিহাসে ষষ্ঠ উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি। এর আগে ২০১৬ সালে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের জনি বেয়ারস্টো ও বেন স্টোকস ৩৯৯ রানের জুটি গড়ে রেকর্ডটি নিজেদের দখলে নিয়েছিলেন। চেজ ও জাঙ্গুর জুটিই প্রথম, যারা টেস্টে ষষ্ঠ উইকেটে ৪০০ রানের মাইলফলক স্পর্শ করলেন।
ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ইতিহাসেও এটি দ্বিতীয় সর্বোচ্চ জুটি। ১৯৫৮ সালে পাকিস্তানের বিপক্ষে কনরাড হান্ট ও গ্যারি সোবার্স দ্বিতীয় উইকেটে ৪৪৬ রান করে এখনো শীর্ষে আছেন। ১৯৬০ সালে ফ্রাঙ্ক ওরেল ও সোবার্সের ৩৯৯ রানের জুটিকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে চেইজ-জাঙ্গুর ৪০১ রান।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে এটি দ্বিতীয় সর্বোচ্চ জুটিও। ১৯৯১ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের মার্টিন ক্রো ও অ্যান্ড্রু জোন্স তৃতীয় উইকেটে ৪৬৭ রান করেছিলেন। এত দিন দ্বিতীয় স্থানে ছিল ১৯৮৫ সালে পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ ও কাসিম ওমরের ৩৯৭ রানের জুটি। সেটিকেও ছাড়িয়ে গেছেন ওয়েস্ট ইন্ডিজের এই দুই ব্যাটার।
পিডিএস/এমএইউ









































