reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

জুলাই সনদ নিয়ে মঙ্গলবার সংসদে আলোচনা

জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ নিয়ে আলোচনার জন্য জাতীয় সংসদে মঙ্গলবার (৩০ জুন) দিনের কর্মদিবসের শেষ দিকে আলোচনার জন্য দুই ঘণ্টা বরাদ্দ দেওয়া হয়েছে। সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নোটিশের প্রেক্ষিতে ডেপুটি স্পিকার কায়সার কামাল এ সিদ্ধান্ত দেন।

সংসদে রবিবার প্রশ্নোত্তর পর্ব শেষে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে শফিকুর রহমান বলেন, গত ১৫ মার্চ সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে আমি অতি জনগুরুত্বপূর্ণ একটি বিষয় উত্থাপন করেছিলাম। স্পিকার আমাকে যথাযথভাবে নোটিশ জমা দেওয়ার পরামর্শ দেন। আমরা তা করেছি। এখন আপনার মাধ্যমে এই মহান সংসদে নোটিশটি উপস্থাপন করছি।

এ সময় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, প্রচলিত নিয়ম অনুযায়ী তারকা চিহ্নিত প্রশ্ন ও ৭১ বিধির পর এ ধরনের প্রস্তাব বা নোটিশ উত্থাপিত হয়। আমি বিরোধীদলীয় নেতাকে অনুরোধ করব, নিয়ম শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বক্তব্য দিতে দাঁড়িয়ে বলেন, বিরোধীদলীয় নেতার প্রস্তাবের বিষয়ে আমাদেরও কিছু বলার আছে। তবে সংসদের শৃঙ্খলা বজায় রাখতে হলে এটি প্রশ্নোত্তর পর্ব ও ৭১ বিধি শেষে আলোচনা করা উচিত। এতে অন্য সদস্যদের অধিকারও সুরক্ষিত থাকবে।

পরে আবার শফিকুর রহমান বলেন, ‘স্পিকারের নির্দেশনা অনুযায়ী আমি প্রশ্নোত্তর পর্ব শেষে দাঁড়িয়েছি। এটি আমার অধিকার ও দায়িত্ব।’ এরপর সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে তর্ক-বিতর্ক হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়