reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

লক্ষ্য অক্টোবর

ইসিতে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, বাজেট কমানোর ভাবনা   

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে আগামী অক্টোবর মাস লক্ষ্য ধরে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি বলছে, এই নির্বাচন আয়োজনে ব্যালট বাক্স, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার প্রস্তুত আছে। তবে নির্বাচন আয়োজনে বাজেট কিছুটা কমানো যায় কি না, ভাবা হচ্ছে।

স্থানীয় সরকার নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে রোববার(২৮ জুন) সকাল ১১টা থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত সভা করে ইসি। চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কর্মকর্তারা এতে অংশ নেন।

সভার আলোচনার বিষয় নিয়ে জানতে চাইলে ইসি আব্দুর রহমানেল মাছউদ বলেন, 'সব ব্যাপারে আলোচনা হয়েছে। জানলাম কীভাবে স্থানীয় সরকার নির্বাচন হয়। যদি আমাদের ৪ হাজার ৫০০ নির্বাচন আয়োজন করতে হয়, কোনটা আগে করব, কোনটা পরে করব তা নিয়ে আলোচনা হয়েছে। কোনো সিদ্ধান্ত না হলেও কীভাবে করব, আমাদের জিনিসপত্র প্রস্তুত আছে কি না, আজ অবহিত করা হয়েছে।'

প্রস্তুতি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, 'নির্বাচন যদি অক্টোবর থেকে হয়, বা নভেম্বর-ডিসেম্বর যখন হোক, আমরা অক্টোবর ধরে কাজ আগাচ্ছি। অক্টোবরে হলে এর ৪৫ দিন আগে শিডিউল ঘোষণা করা হবে। আমরা মূলত অক্টোবরে ধরেই কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি।'

ইসি জানায়, এবারের স্থানীয় সরকার নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা কিছুটা বাড়তে পারে। তবে এ নির্বাচন আয়োজন করতে কোনো সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে নেওয়া হবে না।

সভা শেষে ইসির পক্ষ থেকে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের স্থানীয় সরকারের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আলোচনা হলেও, নতুন কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

সভায় স্থানীয় সরকার নির্বাচনের আইন-কানুন নিয়ে আলোচনা হয়েছে।

সামগ্রিক প্রস্তুতি নিয়ে আব্দুর রহমানেল মাছউদ বলেন, 'গত নির্বাচনের চেয়ে কিছু ভোটকেন্দ্র বাড়াতে হবে। জাতীয় নির্বাচনের পরপর এই স্থানীয় নির্বাচন হওয়ায় আমাদের ব্যালট বাক্স রেডি। প্রিজাইডিং অফিসার নিয়োগ হবে, পোলিং অফিসার নিয়োগ হবে, এসবের প্রস্তুতি আছে।'

সভায় নতুন কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে এই কমিশনার বলেন, 'আমরা আজ একটা আলোচনা করলাম। বিশেষ করে লজিস্টিক, ভোটার তালিকা, অন্যান্য অবস্থা নিয়ে আলাপ হয়েছে।'

এবারের স্থানীয় সরকারের নির্বাচনগুলো হবে নির্দলীয়, অর্থাৎ নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার থাকছে না। এ প্রসঙ্গে আব্দুর রহমানেল মাছউদ বলেন, 'যদিও এই নির্বাচনটা দলবিহীন, তারপরও আমরা বলছি যেহেতু আমাদের সমাজের প্রতিনিধিত্ব করে পলিটিক্যাল পার্টি, কাজেই আমার ইচ্ছা হোক আর অনিচ্ছাই হোক, তারা ইনভলভ থাকবেই নির্বাচনে। তাদের কাছে মতামত জানতে চিঠি দেওয়া হয়েছে।'

স্থানীয় সরকারের পৃথক পাঁচ ধরনের নির্বাচনের জন্য খসড়া আচরণ বিধিমালা ইসি ইতোমধ্যে ওয়েবসাইটে আপলোড করেছে। ৩০ জুনের মধ্যে এসব নিয়ে মতামত দিতে রাজনৈতিক দলগুলোর কাছে চিঠি দেওয়া হয়েছে।

এ বিষয়ে ইসি আব্দুর রহমানেল মাছউদ বলেন, 'শুধু পলিটিক্যাল পার্টি না সাংবাদিক এবং এমনকি যেকেউ এটার ওপর মতামত দিতে পারবেন। মতামত যদি গ্রহণযোগ্য হয় আমরা সেটা গ্রহণ করে পরিবর্তন করব।'

কবে নাগাদ আচরণবিধির খসড়াগুলো চূড়ান্ত করা হবে, এমন প্রশ্নের জবাবে আব্দুর রহমানেল মাছউদ বলেন, ১৫ দিনের একটা আইনগত বিষয় থাকতে পারে। মতামত পাওয়ার পর সাধারণত ১৫ দিনের মধ্যে এটা আমরা চূড়ান্ত করে ফেলতে পারব। আমরা আইন কানুন দেখেছি।'

বেসরকারি ও এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনের দায়িত্ব দেওয়ার বিষয়ে ইসির সভায় আলোচনা হয়েছে, তবে কোনো সিদ্ধান্ত হয়নি। এ কথা জানিয়ে ইসি মাছউদ বলেন, 'আমরা একটু চিন্তাভাবনা করছি যে সার্বক্ষণিক যারা স্কুলের টিচার, একসঙ্গে দুই কাজ তারা করতে পারবেন কি না।'

'আমরা এটা প্রাথমিক আলোচনা করেছি, কোনো সিদ্ধান্ত না। কোনো সিদ্ধান্ত আমরা নেবো না রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে,' বলেন তিনি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়