reporterঅনলাইন ডেস্ক
  ২ ঘণ্টা আগে

ঢাকা উত্তরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, চলবে তিন দিন  

দেশব্যাপী শিশু স্বাস্থ্য সুরক্ষায় রাজধানীর বনানীর কড়াইল মাঠে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানি শিশুদের ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তৃতায় ডিএনসিসি প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জনগণের সরকার। জনগণের স্বার্থেই উত্তর সিটি কর্পোরেশন সকল সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং এই জনকল্যাণমূলক ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডে চলছে টিকাদান: উদ্বোধনকালে প্রশাসক জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ডিএনসিসির আওতাধীন ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডে একযোগে এই ক্যাম্পেইন চলছে।

ক্যাম্পেইনের মূল তথ্যসমূহ নিচে তুলে ধরা হলো- স্থায়ী কেন্দ্র: ১,৯০৫টি, অস্থায়ী কেন্দ্র ১০,৮৯১টি। সময়সীমা: আজ শুরু হওয়া এই কার্যক্রম আগামী আরও ৩ দিন পর্যন্ত চালু থাকবে।

প্রশাসক আরও বলেন, দেশের প্রান্তিক অঞ্চলের প্রতিটি সন্তান যেন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল থেকে বঞ্চিত না হয়, সেজন্য সরকারের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ডিএনসিসির পক্ষ থেকে প্রতিটি শিশুর কাছে এই সেবা পৌঁছে দেওয়া হবে। এরপরও কোনো সমস্যা বা প্রয়োজনে নগরবাসীকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করার আহ্বান জানাচ্ছি।

হাম-রুবেলার মতো এই ক্যাম্পেইনেও সফলতার আশা: এর আগে হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে ডিএনসিসির অভাবনীয় সফলতার কথা স্মরণ করিয়ে দিয়ে মোঃ শফিকুল ইসলাম খান আশাবাদ ব্যক্ত করেন যে, অতীতের মতোই জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনও শতভাগ সফল হবে।

বর্ষায় ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে ডিএনসিসি প্রশাসকের বিশেষ আহ্বান: ক্যাম্পেইন উদ্বোধনের পাশাপাশি বর্ষা মৌসুমে এডিস মশার প্রকোপ এবং ডেঙ্গু ছড়ানোর বিষয়ে নগরবাসীকে সতর্ক করেন প্রশাসক। তিনি বলেন, “ডিএনসিসির উদ্যোগে নগরের প্রতিটি স্থানে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। তবে এই অভিযান সফল করতে নগরবাসীকেও এগিয়ে আসতে হবে।”

তিনি সবাইকে নিজেদের ছাদ-বাগান, বাসা-বাড়ি, বারান্দা ও আঙিনায় যেন কোনোভাবেই পানি জমে না থাকে, তা নিশ্চিত করার এবং নিয়মিত জমে থাকা পানি পরিষ্কার করার জোরালো আহ্বান জানান।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়