বিনোদন প্রতিবেদক
শিল্পী সমিতির নির্বাচন
দুই প্যানেল থেকে প্রার্থী হলেন যারা

আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। এর মধ্যে একটি হলো ফাইট ডিরেক্টর আরমান ও অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তির নেতৃত্বাধীন আরমান-মুক্তি প্যানেল। অন্যটি শিবা শানু-জয় চৌধুরী প্যানেল। খল অভিনেতা শিবা শানুর সভাপতি ও জয় চৌধুরী সাধারণ সম্পাদক ছাড়াও এ প্যানেলের প্রার্থী তালিকায় সহ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন গুনী চিত্রনায়িকা রোজিনা এবং অভিনেতা ডিএ তায়েব। সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন সুব্রত। সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন রিজিয়া পারভীন পলি, দফতর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক কাকন এবং কোষাধ্যক্ষ পদে যাদু আজাদ।
এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে থাকছেন গুনী অভিনেতা আলী রাজ, কাবিলা, হাসান জাহাঙ্গীর, কায়েস আরজু, চিত্রনায়িকা ববি হক, জেসমিন, শিরিন শিলা, জলি, চিত্রনায়ক শিপন মিত্র ও ফিরোজ শাহী।
অন্যদিকে আরমান- মুক্তি প্যানেলে পূর্ণ প্রার্থী তালিকা সভাপতি আরমান ও সাধারণ সম্পাদক প্রার্থী রুমানা ইসলাম মুক্তি ছাড়াও সহ-সভাপতি পদে থাকছেন চিত্রনায়িকা নূতন ও খলনায়ক ইলিয়াস কোবরা। সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন রিনা খান। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন চুন্নু। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ পারভেজ চৌধুরী আবীর, দফতর ও প্রচার সম্পাদক রাসেল মিয়া, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মারুফ আকিব, কোষাধ্যক্ষ পদে লড়ছেন খল অভিনেতা কমল।
এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মানস বন্দ্যোপাধ্যায়, দুলারী, রাকা, শারমিন আক্তার, লতিফ (চিতা), নাসরিন, সুশান্ত, শাহীন কমেডি, বাদল শেখ, আরমান খান এবং শামীম খান (চিকন আলী)।
এর আগে সোমবার এফডিসিতে মনোনয়নপত্র জমা দেন দুই প্যানেলের প্রার্থীরা। শিল্পী সমিতির এই নির্বাচন ঘিরে ইতোমধ্যেই এফডিসিতে শুরু হয়েছে সরব নির্বাচনী আমেজ। তবে এবার নির্বাচনে গত কমিটির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল থাকছেন না কোনো প্যানেলেই।
জানা গেছে, শিল্পী সমিতির সদস্যসংখ্যা ৬১০ হলেও এবারের নির্বাচনে ভোটারের সংখ্যা ৫৭৩। পাশাপাশি মনোনয়নপত্র বাছায়ের শেষদিন ছিল গতকাল। আর প্রার্থিতা প্রত্যাহার শেষ দিন ২৫ শে জুন। উৎসব মুখর পরিবেশে বিএফডিসিতে নির্বাচন অনুষ্ঠিত হবে ৩ জুলাই।









































