রংপুর ব্যুরো
জমি বিক্রির বায়নাপত্র ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে

রংপুরে অপহরণ করে এক বিএনপি নেতার বাড়িতে নিয়ে একজন ব্যবসায়ীর কাছ থেকে জমি বিক্রির বায়না পত্র ছিনিয়ে নেয়া এবং জীবননাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে কয়েকজন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতার বিরুদ্ধে।
মঙ্গলবার দুপুরে রংপুর সুমি কমিউনিটি সেন্টারে নগরীর মাহিগঞ্জ এলাকার আলাল হোসেন নামের এক ব্যবসায়ী সংবাদ সম্মেলন করে এই অভিযোগ তোলেন। লিখিত বক্তব্যে আলাল দাবি করেন, পীরগাছার বড়দরগা বাজারে সাড়ে ৩ শতক জমি ক্রয়ের জন্য ফুল মিয়া নামের একজন মালিকের সাথে ১৮ লাখ ৫০০০ টাকার বায়না চুক্তিপত্র সম্পন্ন করেন আলাল। কিন্তু সময় শেষ হওয়ার কয়েকদিন পরে পুরো টাকা দিয়ে দলিল করতে চাইলে ফুলমিয়া তা দিতে অস্বীকার করেন।
বিষয়টি স্থানীয়ভাবে সালিশ বৈঠকের মাধ্যমে অন্যত্র জমি বিক্রি করে বায়নার টাকা আলাল কে ফেরত দেয়ার সিদ্ধান্ত হয়। এর কয়েকদিন পরে কল্যাণী ইউনিয়ন বিএনপির ৭ নং ওয়ার্ড সভাপতি শামসুল আলম ও যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, কল্যাণী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুবেল রানা, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাফিউল ইসলাম রনি,মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য রিয়াদ তুহিন আলালের সাথে যোগাযোগ করে তাকে বায়েনার টাকা তুলে নেয়ার আশ্বাস দেন।
এক পর্যায়ে তারা আলাল কে যুবদল নেতা রুবেল রানার বাড়িতে অপহরণ করে নিয়ে যায়। সেখানে তারা আলালের কাছ থেকে বায়না চুক্তিনামাটি ছিনিয়ে নেন। এবং ১৮ লাখের পরিবর্তে ৮ লাখ টাকায় সমাধান করার জন্য চাপ দেন। আলাল রাজি না হওয়ায় নেতারা আলালকে হত্যার হুমকি দেয়। সাংবাদিক সম্মেলনে আলাল দাবি করেন,এ ব্যাপারে মাহিগঞ্জ থানায় অভিযোগ দাখিল করলেও পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না।
উল্টো অভিযুক্ত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা অভিযোগ তুলে নেয়ার জন্য বাড়িতে এসে নতুন করে হুমকি ধামকি দিচ্ছে। এতে তিনি নিরাপত্তা হীনতায় ভুগছেন। সংবাদ সম্মেলনে আলাল জীবনের নিরাপত্তার পাশাপাশি জড়িত বিএনপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং বায়না পত্রের ১৮ লাখ টাকা উত্তোলন করে দেয়ার দাবি জানান প্রশাসনের কাছে।









































