নিষিদ্ধ আ. লীগের অপতৎপরতা রুখতে তিতুমীরে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য অপতৎপরতা প্রতিরোধ এবং সারাদেশে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের তৎপরতার প্রতিবাদে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করছে সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদল।
গতকাল সোমবার (২২ জুন) রাত১২.৩০ পর্যন্ত এবং আজ মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে কলেজের মূল ফটকে অবস্থান নেন শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এদিকে, গতকাল সোমবার (২২ জুন) রাত থেকে ক্যাম্পাস ও এর আশপাশের এলাকায় বিক্ষোভ মিছিল করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
ছাত্রদল নেতারা জানান, ক্যাম্পাসে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হলে তা প্রতিহত করতে তারা সতর্ক অবস্থানে রয়েছেন।
তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব সেলিম রেজা জানান, দিনব্যাপী এ অবস্থান কর্মসূচি রাত ১২টা পর্যন্ত চলবে। তিনি বলেন, কোনো নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে আমরা আপসহীন। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনতে প্রশাসনকে সহযোগিতা করা হবে। শান্তিপ্রিয় বাংলাদেশে সন্ত্রাস ও সহিংস রাজনীতির কোনো স্থান নেই। তিনি আরও বলেন, গণতন্ত্রবিরোধী ও নিষিদ্ধ সংগঠনের কোনো নেতাকর্মীর অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ জানান।
তিনি বলেন, যেখানেই নিষিদ্ধ সংগঠনের গোপন তৎপরতা, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।









































