আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’

আবারও জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান।
প্রেমিকা গৌরী স্প্র্যাটকে আগামী ৫ জুলাই বিয়ে করছেন তিনি। তবে জাঁকজমকপূর্ণ তারকাখচিত আয়োজন নয়, বরং একেবারে সাধারণ ও ব্যক্তিগত পরিসরে বিয়েটি সম্পন্ন করতে চান এই অভিনেতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির জানিয়েছেন, তাদের বিয়ে হবে একটি নিবন্ধিত (রেজিস্টার্ড) বিয়ে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের
অনুষ্ঠানটি হবে তার নিজের বাড়িতে, যেখানে উপস্থিত থাকবেন দুই পরিবারের সদস্য এবং খুব ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু।
তিনি বলেন, ‘আমরা দুজনই বিষয়টিকে খুব সাধারণ রাখতে চাই। তাই বাড়িতেই ছোট পরিসরে রেজিস্টার্ড ম্যারেজ হবে।’
গত বছরের শুরুতে নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে গৌরী স্প্র্যাটকে পরিচয় করিয়ে দেন আমির। তখনই তিনি সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেন।পরে এক সাক্ষাৎকারে জানান, তারা এখন সম্পর্ককে ‘পরবর্তী ধাপে’ নিয়ে যেতে প্রস্তুত।
আমির খান বলেন, ‘আমরা একে অপরের প্রতি খুবই প্রতিশ্রুতিবদ্ধ। আমার হৃদয়ে আমি অনেক আগেই তাকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছি।’
কে এই গৌরী স্প্র্যাট: গৌরী বেঙ্গালুরুভিত্তিক একজন পেশাজীবী, যিনি ওয়েলনেস, বিউটি ও লাইফস্টাইল খাতের সঙ্গে যুক্ত। তিনি ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় স্বাধীনতা আন্দোলনের চিন্তাবিদ ফিলিপ স্প্র্যাটের নাতনি। আগের একটি বিবাহ থেকে তার একটি ছেলে রয়েছে।
আমির ও গৌরীর পরিচয় বহু বছরের পুরোনো। তবে ঘনিষ্ঠ সম্পর্ক শুরু হয় ২০২৪ সালে। এক বছরের বেশি সময় ধরে তারা একসঙ্গে বসবাস করছেন বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এটি হবে আমির খানের তৃতীয় বিয়ে। তার প্রথম স্ত্রী ছিলেন রীনা দত্ত। এই দম্পতির দুই সন্তান—জুনাইদ খান ও ইরা খান। পরবর্তী সময়ে তিনি চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন।
তাদের ছেলে আজাদ রাও খান। বিচ্ছেদের পরও কিরণ রাও ও আমির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন এবং সন্তানের দায়িত্ব যৌথভাবে পালন করছেন।
বিয়ের প্রস্তুতির কারণে আপাতত কাজ থেকে কিছুটা দূরে রয়েছেন আমির। তবে শিগগিরই তিনি পরিচালক রাজকুমার হিরানির বহুল আলোচিত প্রকল্প ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলে ফিরতে পারেন বলে জানিয়েছেন। যদিও ছবির গল্প নিয়ে তিনি এখনই বিস্তারিত কিছু বলতে চাননি।









































