কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

কটিয়াদীতে কেন্দ্রীয় যুবদল নেতা মর্তুজা কামালকে বর্ণাঢ্য সংবর্ধনা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবনির্বাচিত কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. মর্তুজা আল কামাল (মুস্তাক) পদ পাওয়ার পর প্রথমবারের মতো নিজ উপজেলায় আগমন করেছেন। এ উপলক্ষে তাকে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (২০ জুন) বিকেলে কিশোরগঞ্জের কটিয়াদীতে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে এই সংবর্ধনাকে কেন্দ্র করে এক আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়।

স্থানীয় যুবদল, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও স্লোগানে স্লোগানে তাকে বরণ করে নেন। পরে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন নবনির্বাচিত এই কেন্দ্রীয় নেতা।

বক্তব্যে অ্যাডভোকেট মর্তুজা কামাল দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “কেন্দ্রীয় কমিটিতে দায়িত্ব পাওয়া যেমন গর্বের, তেমনি এটি এলাকার মানুষের প্রতি আমার দায়িত্বও অনেক বাড়িয়ে দিয়েছে। আমার পরিবার সব সময় মানুষের সেবা করেছে। সেই ধারাবাহিকতায় এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমি আমার জীবন ও রাজনীতি পরিচালনা করব।”

একই সাথে তিনি দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে সর্বদা জনগণের পাশে থাকার আহ্বান জানান।

এ সময় স্থানীয় বিএনপি ও যুবদলের শীর্ষ নেতারা নবনির্বাচিত এই কেন্দ্রীয় নেতাকে অভিনন্দন জানিয়ে বলেন, তার এই অর্জনে কটিয়াদীসহ পুরো জেলার মানুষ গর্বিত। কেন্দ্রীয় পর্যায়ে এই দায়িত্ব পালনের মাধ্যমে তিনি এলাকার উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়