reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

সৌদিতে কর্মস্থলে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত

সৌদি আরবে কর্মস্থলে দুর্ঘটনায় মারা গেছেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বারাইশ গ্রামের প্রবাসী মহিন উদ্দিন ভুঁইয়া।

শনিবার(২০ জুন) বিকাল ৩টার দিকে সৌদি আরবে একটি ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহিন উপজেলার বারাইশ পূর্বপাড়া এলাকার এছহাক ভুঁইয়ার ছোট ভাই। দীর্ঘদিন ধরে তিনি সৌদি আরবে নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুর খবরে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Google News গুগল নিউজে প্রতিদিনের বাংলাদেশ”র খবর পড়তে ফলো করুন

পরিবার ও স্বজনরা জানায়, শনিবার বিকাল ৩টার দিকে সৌদি আরবে একটি ১০ তলা ভবনে এসি স্থাপনের কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্বজনরা জানান, মহিন উদ্দিনের তিন কন্যা সন্তানের পর সম্প্রতি একটি পুত্রসন্তানের জন্ম হয়। কিন্তু সন্তানের জন্মের সময় তিনি প্রবাসে থাকায় নবজাতক ছেলেকে একনজর দেখার সুযোগ পাননি। দেশে ফিরে ছেলেকে কোলে নেওয়ার স্বপ্ন ছিল তার। সেই স্বপ্ন আর পূরণ হলো না। জীবনের সব পরিকল্পনা, সংগ্রাম ও স্বপ্ন অসমাপ্ত রেখেই তিনি চলে গেলেন না ফেরার দেশে।পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তার মৃত্যুতে পুরো পরিবার এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর বারাইশ গ্রামজুড়ে শোকের নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরদেহ দেশে আনার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে। তবে কবে মরদেহ দেশে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মহিন উদ্দিনের মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক বিরাজ করছে।

মহিনের খালাতো ভাই পেয়ার আহমেদ সেলিম বলেন, চার সন্তানের ভবিষ্যৎ গড়তে প্রবাসে গিয়েছিলেন মহিন। সম্প্রতি তার ঘরে একটি ছেলে সন্তান জন্ম নিয়েছে। ছেলেটাকে একবার দেখার জন্য তিনি অপেক্ষায় ছিলেন। কিন্তু আল্লাহ তাকে সেই সুযোগ আর দিলেন না।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়