কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
মাদকের বিরুদ্ধে আইন আরও কঠোর করা হচ্ছে : মুশফিকুর রহমান এমপি

মাদকের বিরুদ্ধে বিদ্যমান আইন সংশোধন করে আরও কঠোর করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কসবা-আখাউড়া আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান।
শনিবার (২০ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক শিক্ষা সদন উচ্চ বিদ্যালয়ে রহমান ফাউন্ডেশনের অর্থায়নে নির্মিত বিজ্ঞানাগার (সাইন্স ল্যাব) উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মুশফিকুর রহমান বলেন, মাদক ব্যবসায়ীরা গ্রেপ্তার হলেও অনেক সময় দ্রুত জামিনে বেরিয়ে আসে। বিষয়টি নিয়ে জাতীয় সংসদে আলোচনা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বিদ্যমান মাদকবিরোধী আইন সংশোধন করে এমন ব্যবস্থা নেওয়া হবে যাতে মাদক কারবারিরা কঠোর শাস্তি পায় এবং এ ব্যবসা থেকে সরে আসে।
তিনি আরও বলেন, নারী ও শিশু ধর্ষণের মতো জঘন্য অপরাধে দোষীদের বিরুদ্ধে যেভাবে কঠোর শাস্তির বিধান রয়েছে, তেমনি মাদক অপরাধের বিরুদ্ধেও কঠোর আইন প্রয়োগ করা হবে।
এলাকার মাদক ব্যবসায়ীদের সতর্ক করে সংসদ সদস্য বলেন, এখনই মাদক ব্যবসা বন্ধ করুন। মাদকের কারণে যুবসমাজ ধ্বংস হচ্ছে। ছেলে-মেয়েদের লেখাপড়া ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে মাদকের বিস্তার রোধে সবাইকে এগিয়ে আসতে হবে। যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।
বায়েক শিক্ষা সদন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মুশফিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন মুশফিকুর রহমানের বড় মেয়ে রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান মেহভীন রহমান মুনিয়া, মেয়ে জামাতা আশফাক জামিল রহমান, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা, জেলা বিএনপির সহ-সভাপতি মুহম্মদ ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার, কৃষক দলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি নাছির উদ্দিন হাজারী এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি ইকলিল আযম।
এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।









































