reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

আইনি লড়াইয়ের প্রস্তুতি

সালমান শাহের লাশ তুলতে দিতে চায় না পরিবার

মৃত্যুর ৩০ বছর পর আবারও আলোচনায় ঢাকাই সিনেমার নক্ষত্র সালমান শাহ। হত্যার প্রকৃত কারণ উদঘাটনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রখ্যাত এই চিত্রনায়কের লাশ উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত।

তবে তিন দশক পর তৃতীয় দফায় ময়নাতদন্তের জন্য লাশ তুলতে দিতে চান না সালমানের পরিবারের সদস্যরা।

আদালতের আদেশের বিপক্ষে পরিবারের পক্ষ থেকে আপত্তি জানানো হবে। এ সপ্তাহেই আদালতে নারাজি দাখিল করা হবে বলে জানান বাদীপক্ষের আইনজীবী।

আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মোর্শেদ গত ২০ মে এ আবেদন করেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা গত ২৪ মে আবেদন মঞ্জুর করে দেহাবশেষ তোলার আদেশ দেন। আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা হত্যার প্রকৃত কারণ উদঘাটনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সালমান শাহর (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) দেহাবশেষ (লাশ) কবর থেকে উত্তোলনপূর্বক সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন করার অনুমতি চান। সেখানে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, সালমান শাহের মৃত্যুর পর মরদেহের ময়নাতদন্ত শেষে সিলেট হযরত শাহজালাল (রা.) এর মাজার প্রাঙ্গণ কবরস্থানে দাফন করা হয়।

এ সংক্রান্তে রমনা থানায় অপমৃত্যু মামলা করা হয়। পরে তদন্তকালে মৃত সালমান শাহের মরদেহ আদালতের নির্দেশে পুনরায় কবর থেকে উত্তোলন করে সুরতহালসহ ময়নাতদন্ত করা হয়।

ভিকটিম শাহরিয়ার ইমন সালমান শাহের মরদেহের দুই দফা ময়নাতদন্ত হয়। প্রথম ময়নাতদন্ত রিপোর্টে চিকিৎসক মতামত দেন, ফাঁসের দরুন ঝুলে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে। যা মৃত্যুপূর্ব ও আত্মহত্যা জনিত। ২য় ময়নাতদন্ত রিপোর্টে বলা হয়, মরদেহ পরিবর্তিত পচনশীল অবস্থায় থাকায় মেডিকেল লিগ্যাল বোর্ড মৃত্যুর কারণ নির্ণয় করতে পারেনি।

ঘটনার ২৯ বছর পর বর্তমানে আদালতের নির্দেশে রমনা থানায় হত্যা মামলা রুজু হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মৃত সালমান শাহ -এর মরদেহ পুনরায় কবর থেকে উত্তোলনপূর্বক সুরতহাল প্রতিবেদন এবং ময়নাতদন্তের মাধ্যমে রিপোর্ট পর্যালোচন করা একান্ত প্রয়োজন।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা জানান, সালমান শাহের মরদেহ উত্তোলনের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। এখন বাদীপক্ষ ও সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করা হবে। তবে কবে নাগাদ তার মরদেহ উত্তোলন করা হবে এ বিষয়ে সুনির্দিষ্ট তারিখ বলতে পারেননি তিনি। এছাড়া মামলার আসামিদের গ্রেপ্তার সংক্রান্ত বিষয়ে তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন এই পুলিশ কর্মকর্তা।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী ফারুক আহাম্মদ বলেন, সালমান শাহর পরিবারের সঙ্গে কথা হয়েছে। তাদের মতের ভিত্তিতে আমরা মরদেহ উত্তোলনে তদন্ত কর্মকর্তার আবেদনের ওপর নারাজি দেবো। দুই একদিনের মধ্যেই আদালতে লিখিত আপত্তি জমা দেওয়া হবে।

তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তার আবেদনেই উল্লেখ রয়েছে, ৯৭ সালে ২য় দফায় তার মরদেহ উত্তোলন করা হলে সেটা ডিকম্পোসড (পচন) হওয়ায় মৃত্যুর কারণ নির্ধারণ করা যায়নি। এতোবছর পর সেখানে অবশিষ্ট কিছুই থাকার কথা না।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়