চাঁদপুর প্রতিনিধি
দলীয়করণে দেশের সংস্কৃতি চর্চা ক্ষতিগ্রস্ত : সংস্কৃতি প্রতিমন্ত্রী

বিগত দুই দশকে সাংস্কৃতিক অঙ্গনকে দলীয়করণের মাধ্যমে দেশের সংস্কৃতি চর্চাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে মন্তব্য করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেন, সংস্কৃতি তার স্বকীয়তা নিয়ে বিকশিত হতে পারেনি এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোও কাঙ্ক্ষিতভাবে গড়ে ওঠেনি।
শনিবার (২০জুন) সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নদীমাতৃক সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের অধিকাংশ জেলায় সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার মত পরিবেশ ও কর্মসূচির অভাব রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের সাংস্কৃতিক অঙ্গনকে পুনর্গঠন করে গণমানুষের সংস্কৃতি হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
সুস্থ, সুন্দর ও সময়োপযোগী সাংস্কৃতিক পরিবেশ গড়ে তুলতে সংস্কৃতি মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে- জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এর মধ্যে অবকাঠামো উন্নয়ন, সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণ এবং শিল্পীদের বিকাশে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁদপুর-০৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ (এমপি মানিক), জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নাদিরা নূর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও চাঁদপুর পৌর প্রশাসক মো. এরশাদ উদ্দিন প্রমুখ।









































