বিশ্বকাপ ২০২৬
এবার হারের কষ্ট কি ভুলতে পারবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা?

সবশেষ দুই বিশ্বকাপে প্রথম ম্যাচেই হেরে গিয়েছিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিরা। সেই হারের কষ্টে পরের দুই বিশ্বকাপে প্রথম রাউন্ডই উতরাতে পারেনি জার্মানি।
তবে এবার ‘কষ্ট’ নেই, কুরাসাওকে প্রথম ম্যাচে ৭ গোলে উড়িয়ে দিয়ে এই জার্মানি অনেকটাই নির্ভার।
ইউলিয়ান নাগেলসমানের দল আজ শনিবার রাতে আইভরিকোস্টকে হারাতে পারলে এক পা দিয়ে রাখবে নকআউট পর্বেও।
প্রতিপক্ষ হিসেবে আইভরিকোস্ট বড় কোনো নাম নয়, তবে বিশ্বকাপের শুরুটা তাদেরও হয়েছে দারুণ। আমাদ দিয়ালোর শেষ সময়ের গোলে প্রায় সমশক্তির ইকুয়েডরকে হারিয়ে দেওয়া আফ্রিকান ‘হাতি’দের জন্য দারুণ একটা শুরুই।
আজ রাত দুটোয় জার্মানিকে হারিয়ে দিলে তারা বিশ্বকাপে প্রথমবারের মতো এক আসরে পাবে দুটি জয়। অবশ্য পরের পর্বে যাওয়ার জন্য ড্রটাও এই ম্যাচ থেকে বড় প্রাপ্তি হতে পারে আইভরিকোস্টের জন্য।
বিশ্বকাপে কখনো মুখোমুখি হয়নি এই দুই দল। ২০০৯ সালে শুধু একবার প্রীতি ম্যাচ খেলেছিল একে অন্যের বিপক্ষে, সেটি ড্র হয় ২-২ গোলে। এই বিশ্বকাপের আগে আরেকবার প্রীতি ম্যাচে খেলার কথা ছিল দুই দলের, কিন্তু একই গ্রুপে পড়ায় তা বাতিল করা হয়।
দুই দলের ফুটবলীয় দ্বৈরথ তেমন নেই, তবে একটা সংযোগ আছে। দিদিয়ের দ্রগবা, ইয়াইয়া তোরেদের দেশের এক তরুণকে নিয়ে আলোচনা হচ্ছে অনেক। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচসেরা হয়ে ১৯ বছর বয়সী ইয়ান দিওমান্দে জানান দিয়েছেন, জার্মানির জন্য তিনি হতে পারেন বিপজ্জনক। লাইপজিগের হয়ে ক্লাব ফুটবলটা দিওমান্দে খেলেন জার্মানিতেই। এই বয়সেই চলতি মৌসুমে বুন্দেসলিগায় করে ফেলেছেন ৩৩ ম্যাচে ১২ গোল ও ৮ অ্যাসিস্ট। হয়েছেন লিগের সেরা নবাগত ফুটবলার। জার্মানি ম্যাচের আগে অধিনায়ক ইয়োশুয়া কিমিখের কাছেও প্রশ্ন গিয়েছিল তাকে নিয়ে।
কিমিখ দিওমান্দের সঙ্গে সাবেক বায়ার্ন সতীর্থ ও ফ্রেঞ্চ ফরোয়ার্ড কিংসলে কোমানের মিল খুঁজে পাচ্ছেন অধিনায়ক, ‘এক বছর আগেও ওকে কেউ চিনত না। কিন্তু সে এই মৌসুমে দারুণ খেলেছে। তার ড্রিবলিং বেশ ভালো, অনেকটা কোমানের মতো। তবে দিওমান্দে ছাড়াও আইভরিকোস্টের আরও বিপজ্জনক খেলোয়াড় আছে।’
কিমিখ আর কারও নাম উল্লেখ করেননি, তবে আইভরিকোস্টের আরেক ফুটবলার বাজুমানা তুরেরও আছে বুন্দেসলিগার সঙ্গে সংযোগ। হফেনহাইমের হয়ে ক্লাব ফুটবল খেলেন, এই মৌসুমে করেছেন ৫ গোল ও ৯ অ্যাসিস্ট। তাঁর চেয়ে পুরো লিগেই বেশি গোল করিয়েছেন মাত্র দুজন। এই দুই ‘ঘরের শত্রু বিভীষণ’–এর দিকে নাগেলসমানকে আলাদা চোখ রাখতেই হচ্ছে।









































