গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন

জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে গাজীপুরে উদ্বোধন করা হয়েছে ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬'।
বেলুন ও কবুতর উড়িয়ে শনিবার বিকালে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ওই টুর্নামেন্টের উদ্বোধন করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি।
টুর্ণামেটে উপলক্ষে শহীদ বরকত স্টেডিয়ামের আশপাশের সড়ক, মোড় ও জনসমাগমস্থলে টাঙানো হয়েছে রঙ-বেরঙের ব্যানার-ফেস্টুন। স্টেডিয়ামমুখী সড়কে নির্মাণ করা হয়েছে বেশ কিছু দৃষ্টিনন্দন তোরণ। উদ্বোধনী খেলায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ৩-০ গোলে দিনাজপুরের শাইখ স্পোর্টসকে পরাজিত করেছে।
গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং গাজীপুরের পুলিশ সুপার মো. শরীফ উদ্দিন।
গাজীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে দেশের বিভিন্ন জেলার ১৬টি দল নকআউট পদ্ধতিতে এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। আগামী ১০ জুলাই ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল গুলো হলো- বাংলাদেশ বিকেএসপি, শাইখ স্পোর্টস (দিনাজপুর), কালিয়াকৈর একাদশ, ব্রহ্মপুত্র এক্সপ্রেস (ময়মনসিংহ), সানবান্ধা স্পোর্টিং ক্লাব (টাঙ্গাইল), স্কুটার আব্দুল গফুর ফুটবল একাডেমি (নরসিংদী), কাপাসিয়া একাদশ, থ্রি ব্রাদার্স একাদশ (জামালপুর), একরাম স্মৃতি ফুটবল একাডেমি (মানিকগঞ্জ), ভাষানটেক ফুটবল ক্লাব (মিরপুর, ঢাকা), বগুড়া জেলা দল, এসআরএফসি (ঠাকুরগাঁও), কুমিল্লা জেলা দল, টঙ্গী ফুটবল একাডেমি এবং ঝিনাইদহ জেলা দল।
টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. হান্নান মিয়া হান্নু এবং সদস্য সচিব মো. আব্দুর রউফ বাবুল জানান, টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে। প্রতিযোগিতার আকর্ষণ বাড়াতে চ্যাম্পিয়ন দলের জন্য ৩ লাখ টাকা এবং রানার্সআপ দলের জন্য ২ লাখ টাকা প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা ও সেরা গোলরক্ষকসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ পুরস্কার প্রদান করা হবে।









































