ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সরাইলে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে খাদিম মিয়া নামে একজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। গত রবিবার রাতে উপজেলার কালিকচ্ছ বাজারে কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত খাদিম মিয়া ধরন্তি গ্রামের শামসুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সরাইলের কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি গ্রামের মোশাররফ মিয়া একই ইউনিয়নের ধরন্তি গ্রামের খাদিম মিয়া, আলাল ও আশিকের কাছে পাটি বিক্রির ১ লাখ টাকা পাওনা ছিলেন। রবিবার সন্ধ্যায় মোশাররফ মিয়া ধরন্তি গ্রামের আলাল ও আশিকের কাছে পাওনা টাকা ফেরত চান। এ সময় তারা মোশাররফকে জানান যে খাদিম মিয়া টাকা দিতে বারণ করেছেন। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর থেকেই উভয় গ্রামের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
পরে রাতে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তারা টর্চলাইটের আলো জ্বালিয়ে সংঘর্ষ চালিয়ে যায়। ইটপাটকেল নিক্ষেপ আর ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে একজন নিহত ও ৩০ জন আহত হন। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে সংঘর্ষের কারণে বেশ কিছু সময় সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ থাকে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুল রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে একজন নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
পিডিএস/এমএইউ









































