গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় ইয়াবা সেবনকালে দুই যুবক গ্রেপ্তার

গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত আনুমানিক সোয়া ২টার দিকে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর ধানঘড়া চারমাথা বাজার এলাকায় মাদক ও জুয়াবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে উত্তর ধানঘড়া চারমাথা বাজারে মো. শরীফ মিয়ার মুদি দোকানের ভেতর থেকে ইয়াবা ট্যাবলেট সেবনরত অবস্থায় দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো. শরীফ মিয়া (২৭), পিতা: মো. আব্দুর রউফ এবং মোহাম্মদ ফিরোজ (৩০), পিতা: মৃত নয়া মিয়া। উভয়ের বাড়ি সদর উপজেলার উত্তর ধানঘড়া এলাকায়।
এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় নন-এফআইআর প্রসিকিউশন নং-১০০, তারিখ ৪ জুলাই ২০২৬, রুজু করা হয়েছে।









































