রংপুর ব্যুরো

  ১ ঘণ্টা আগে

জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে সামাজিক সমস্যা প্রতিরোধ সম্ভব : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে পারলে সমাজের বিভিন্ন সমস্যা কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব।

শনিবার বিকালে এমটি হোসেন ইনস্টিটিউট মাঠে ‘আলোকিত লালমনিরহাট: আমাদের অঙ্গীকার’ শীর্ষক নবজাগরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আলোকিত লালমনিরহাট প্রসঙ্গে তিনি বলেন, ‘আলোকিত লালমনিরহাট’ একটি সামাজিক আন্দোলন, যার মূল লক্ষ্য মাদক, বাল্যবিবাহ, যৌতুক, মোবাইল আসক্তি এবং অনলাইন জুয়ার মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলা। ‘আলোকিত লালমনিরহাট’-এর স্বপ্ন যদি সারা দেশে বাস্তবায়ন করা যায়, তাহলে একটি আলোকিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

মন্ত্রী বলেন, মাদকের আগ্রাসন থেকে যুবসমাজকে রক্ষা করতে এ ধরনের সামাজিক আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মাদকের অভিশাপ থেকে দেশকে রক্ষা করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার ফ্যামিলি কার্ড বিতরণ, খাল খনন, কৃষি কার্ড বিতরণ এবং নারী ক্ষমতায়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করে যাচ্ছে। এসব উদ্যোগ দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে মুখ্য আলোচকের বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, ‘আলোকিত লালমনিরহাট’ কেবল একটি কর্মসূচি নয়, এটি একটি সামাজিক আন্দোলন। যৌতুক, মোবাইল আসক্তি, মাদক, ক্যাসিনোসহ বিভিন্ন সামাজিক ব্যাধি দূর করতে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এই আন্দোলন সফল হলে একটি সুন্দর, সচেতন ও আলোকিত লালমনিরহাট গড়ে তোলা সম্ভব হবে।

তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নির্ভর করছে যুবসমাজের ওপর। কিন্তু সীমান্তবর্তী জেলা হওয়ায় লালমনিরহাটে মাদক ব্যবসা, পরিবহণ ও সেবন তুলনামূলকভাবে সহজ হওয়ায় অনেক তরুণ মাদকের করাল গ্রাসে আক্রান্ত হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে।

বাল্যবিবাহ প্রতিরোধের বিষয়ে মন্ত্রী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ১৮ বছরের নিচে কোনো মেয়ের বিয়ে নিবন্ধন করা হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, সামাজিক অপরাধ প্রতিরোধে ইতোমধ্যে বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে। তবে শুধু আইন প্রয়োগ করলেই চলবে না; সমাজ থেকে অন্যায়, অনিয়ম ও অপরাধ নির্মূলে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।

লালমনিরহাটের জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য হাসান রাজীব প্রধান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য মো. রোকন উদ্দীন বাবুল, লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক এবং লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস।

নবজাগরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজরুল ইসলাম, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শামসুজ্জামান সামু এবং জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম প্রমুখ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়