reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

হেরেও মন জিতে নিয়েছে কেপ ভার্দে

ছবি : সংগৃহীত

মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচের শেষ বাঁশি বাজতেই মাঠের ওপর ভেঙে পড়লেন নীল জার্সির ফুটবলাররা। বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচটিতে কেপ ভার্দে শেষ পর্যন্ত হেরে বিদায় নিয়েছে। তবে মাঠের স্কোরলাইন যা-ই বলুক না কেন, বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ১২০ মিনিটের মাঠের লড়াইয়ে যে অদম্য সাহস ও বীরত্ব তারা দেখিয়েছে, তা ফুটবল ইতিহাসে দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে।

মাত্র পাঁচ লাখ জনসংখ্যার ছোট্ট দ্বীপদেশ কেপ ভার্দে। টুর্নামেন্ট শুরুর আগে ফিফা র‍্যাঙ্কিংয়ে ছিল ৬৭ নম্বরে। ইতিহাস, তারকা কিংবা পরিকাঠামো—কোনো দিক থেকেই তারা আর্জেন্টিনার সমকক্ষ ছিল না। তবে মাঠের ফুটবলে সাহসের এক অনন্য নজির গড়ে মাথা উঁচু করেই বিদায় নিয়েছে দলটি।

আঁটসাঁট রক্ষণ ও ভোজিনিয়ার প্রাচীর: ম্যাচের শুরু থেকেই কেপ ভার্দের সুনির্দিষ্ট পরিকল্পনা স্পষ্ট ছিল। নিজেদের অর্ধে নিরেট রক্ষণ, মাঝমাঠে হাইলাইন ডিফেন্স এবং লিওনেল মেসির ওপর কড়া নজরদারির পাশাপাশি সুযোগ বুঝে কাউন্টার অ্যাটাকে ওঠার কৌশল নেয় তারা। আর্জেন্টিনার প্রতিটি আক্রমণের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন কেপ ভার্দের ফুটবলাররা।

বিশেষ করে, দলটির ৪০ বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনিয়া ছিলেন পোস্টের নিচে অনবদ্য। একের পর এক দুর্দান্ত সেভে তিনি আর্জেন্টিনাকে বারবার হতাশ করেন। এর আগে স্পেনের বিপক্ষেও তিনি এমন অতিমানবীয় পারফরম্যান্স দেখিয়েছিলেন।

দুবার পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন: ম্যাচের ২৯ মিনিটে লিওনেল মেসির অসাধারণ এক ফিনিশিংয়ে আর্জেন্টিনা এগিয়ে যায়। সাধারণত এমন বড় ম্যাচে বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে গোল খাওয়ার পর যেকোনো অনভিজ্ঞ দল ভেঙে পড়ে, কিন্তু কেপ ভার্দে দমে যায়নি। তারা দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচে সমতা ফরায়।

নির্ধারিত সময়ের খেলা ড্র হওয়ার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে আবারও পিছিয়ে পড়েও লড়াই ছাড়েনি কেপ ভার্দে। দলের ফরোয়ার্ড কাবরালের এক অবিশ্বাস্য ও দুরূহ অ্যাঙ্গেলের গোল আবারও তাদের ম্যাচে ফিরিয়ে আনে, যা চলতি বিশ্বকাপের অন্যতম সেরা গোল হিসেবে বিবেচিত হচ্ছে।

ভাগ্যের পরিহাস ও রূপকথার সমাপ্তি: ম্যাচ যখন টাইব্রেকারের দিকে যাচ্ছিল, ঠিক তখনই ভাগ্য সহায় হয়নি কেপ ভার্দের। ক্রিস্তিয়ান রোমেরোর একটি হেড ডিফেন্ডার ডিনেই বোর্জেসের গায়ে লেগে দিক পরিবর্তন করে নিজেদের জালে ঢুকে যায়। এই দুর্ভাগ্যজনক আত্মঘাতী গোলের মাধ্যমেই বিশ্বকাপের মঞ্চে কেপ ভার্দের রূপকথার সমাপ্তি ঘটে।

ফুটবল বিশেষজ্ঞদের প্রশংসা: গ্রুপ পর্বে স্পেনকে গোলশূন্য আটকে রাখা আর নকআউটে আর্জেন্টিনাকে ১২০ মিনিট কাঁপিয়ে দেওয়া—কেপ ভার্দের এই পারফরম্যান্স বিশ্ব ফুটবলকে মুগ্ধ করেছে। স্কটল্যান্ডের সাবেক ফুটবলার জেমস ম্যাকফ্যাডেন বলেন, "কেপ ভার্দে হেরেও জিতেছে। তারা সাহস, ঐক্য ও আত্মবিশ্বাসের এক অনন্য উদাহরণ তৈরি করেছে।" অন্যদিকে ইংল্যান্ডের সাবেক তারকা গ্যারি নেভিলের মতে, "এটি ফুটবল বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা আন্ডারডগ পারফরম্যান্স।"

হয়তো পরিসংখ্যানের পাতায় লেখা থাকবে আর্জেন্টিনা পরবর্তী রাউন্ডে উঠেছে, কিন্তু ফুটবলপ্রেমীদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিল লড়াকু কেপ ভার্দে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়