মেসির কণ্ঠে আত্মসমালোচনা, ‘আমরা অগোছালো ছিলাম‘

চলতি বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে টুর্নামেন্টের শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে এই নাটকীয় জয়ের পর আলবিসেলেস্তে শিবিরে উল্লাসের চেয়ে বেশি দেখা গেছে আত্মসমালোচনার সুর। দলের অধিনায়ক লিওনেল মেসি অকপটে স্বীকার করেছেন যে, মাঠের পারফরম্যান্সে তারা বেশ অগোছালো ছিলেন এবং আফ্রিকার এই দলটি পুরো ম্যাচজুড়েই তাদের কঠিন পরীক্ষায় ফেলেছিল।
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে মেসি জানান, প্রতিপক্ষের ওপর কার্যকর চাপ তৈরি করতে না পারায় আর্জেন্টিনা এই ম্যাচে নিজেদের স্বাভাবিক ছন্দটা খুঁজে পায়নি। কিছু ইতিবাচক দিকের কথা উল্লেখ করে তিনি বলেন, দল দীর্ঘদিন ধরে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার যে মানসিকতা দেখিয়ে আসছে, তা এই ম্যাচেও ছিল। বিশেষ করে আগের কিছু ম্যাচে সেট-পিস থেকে গোল না আসলেও, এই ম্যাচে সেটি কাজে লেগেছে। দলে ভালো হেডার থাকায় নিয়মিত অনুশীলনের ফল এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে পাওয়া গেছে।
তবে দলের দুর্বলতাগুলোও আড়াল করেননি এই আর্জেন্টাইন খুদে জাদুকর। মেসি জানান, মাঠের কৌশলগত ভুলের কারণে তাদের ভুগতে হয়েছে। দলের দুই লাইনের মধ্যে দূরত্ব বেশি হয়ে যাওয়ায় সেন্টার-ব্যাকদের বাড়তি জায়গা কাভার করতে হয়েছে। প্রতিপক্ষের পায়ে সবসময় বল না থাকলেও আর্জেন্টিনার দুর্বল প্রেসিংয়ের কারণে তারা বারবার সুযোগ তৈরি করেছে। প্রথম গোল করার পর আর্জেন্টিনার ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার কথা থাকলেও, উল্টো তারা বলের দখল হারিয়ে রক্ষণাত্মক হয়ে পড়েছিল।
কেপ ভার্দে যে সহজ প্রতিপক্ষ ছিল না, তা মনে করিয়ে দিয়ে মেসি বলেন, স্পেন ও উরুগুয়ের মতো পরাশক্তিদের বিপক্ষে তাদের সাম্প্রতিক পারফরম্যান্সই প্রমাণ করে তারা কতটা শক্তিশালী। বিশ্বকাপে নামের খাতিরে প্রতিপক্ষকে সম্মান করলেও মাঠে কোনো ম্যাচই যে সহজ নয়, তা এই লড়াইয়ে আবারও প্রমাণিত হয়েছে।
কঠিন এই ম্যাচ থেকে ভুলগুলো শুধরে সামনে আরও শক্তভাবে ফেরার প্রত্যয় ব্যক্ত করেছেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। নকআউট পর্বের শেষ ষোলোতে আর্জেন্টিনার সামনে এখন মিসরের মতো বড় পরীক্ষা। আর মেসির মতে, বিশ্বকাপের এই পর্যায়ে প্রতিটি ম্যাচই তাদের জন্য এক একটি ফাইনালের সমান।
পিডিএস/এমএইউ









































