তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
তারাগঞ্জে অজ্ঞাত ব্যক্তির পচাগলা লাশের মাথার খুলি ও হাড় উদ্ধার

রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের কুঠিপাড়া এলাকায় ডালিয়া সেচ ক্যানেলের ধারে একটি পাটক্ষেতের পাশ থেকে অর্ধগলিত অজ্ঞাত এক ব্যক্তির লাশের মাথার খুলি ও শরীরের বিভিন্ন অংশের হাড় উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে ওই এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে ঝোপের ভেতরে পচাগলা লাশের মাথার খুলি ও শরীরের বিভিন্ন অংশের হাড় দেখতে পান। এ সময় ঘটনাস্থলের পাশেই একটি লুঙ্গি ও একটি পাঞ্জাবি পড়ে থাকতে দেখা যায়।
মরদেহটি দীর্ঘদিন ধরে সেখানে পড়ে থাকায় পচে-গলে গেছে। ফলে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয়, বয়স বা অন্য কোনো তথ্য শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয়দের ধারণা, কেউ তাকে হত্যার পর মরদেহটি ঝোপের ভেতরে ফেলে রেখে যায়। তবে এ বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত কোনো মন্তব্য করেনি।
এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের অবশিষ্টাংশ উদ্ধার করেছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।
পিডিএস/এমএইউ









































