কয়রা (খুলনা) প্রতিনিধি
নিষিদ্ধ সময়ে সুন্দরবনে অভিযান: ১ মাসে ২৪ নৌকা জব্দ, ২৬ মামলা

সুন্দরবনের খুলনা রেঞ্জে প্রবেশ নিষিদ্ধ সময়ে অবৈধভাবে মাছ ও কাঁকড়া ধরার অপরাধে গত এক মাসে ২৬টি মামলা দায়ের করেছে বন বিভাগ। এ সময় ২৪টি নৌকা জব্দের পাশাপাশি বিপুল পরিমাণ মাছ ও কাঁকড়া ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়। খুলনা রেঞ্জের বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়ির কর্মকর্তাদের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব নৌকা ও মালামাল জব্দ করা হয়।
বন বিভাগ জানায়, প্রজনন মৌসুম উপলক্ষে গত ১ জুন থেকে সুন্দরবনে মাছ, কাঁকড়া ধরাসহ সব ধরনের পর্যটক প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তবে এই সুযোগ কাজে লাগিয়ে একশ্রেণির অসাধু চক্র রাতের আঁধারে বনের ভেতরে ঢুকে মাছ ও কাঁকড়া ধরার পাশাপাশি হরিণ শিকারে মেতে ওঠে। এসব অপরাধ দমনেই খুলনা রেঞ্জ জুড়ে নিয়মিত বিশেষ টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে।
জুন মাসের তথ্য অনুযায়ী, খুলনা রেঞ্জে টহল চালিয়ে ২৪টি নৌকা আটক এবং বিভিন্ন অপরাধে ২৬টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ৫টি পিওআর (পারমিট অফেন্স রিপোর্ট) এবং ২১টি ইউডিআর (আন্ডার ডিটেকশন রিপোর্ট) মামলা রয়েছে। এসব মামলায় ১০ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৩ জন পলাতক রয়েছেন।
অভিযান চলাকালে অবৈধভাবে মাছ শিকারের অপরাধে বিষ প্রয়োগের ৬টি এবং হরিণ শিকার সংক্রান্ত ১টি মামলা দায়ের করা হয়েছে। এ সময় অপরাধীদের কাছ থেকে ২৫ বোতল ভারতীয় কীটনাশক (বিষ), মাছ, কাঁকড়াসহ বিভিন্ন ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে বনের সম্পদ রক্ষায় বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়ির যৌথ সমন্বয়ে অভিযান অব্যাহত রয়েছে। বিশ্বের সর্ববৃহৎ এই ম্যানগ্রোভ বনের জীববৈচিত্র্য ও সম্পদ রক্ষায় তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।
পিডিএস/এমএইউ









































