বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

বাঁশখালীতে বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ, আহত ২

ছবি : প্রতিদিনের সংবাদ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের খুদুকখালী এলাকায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। আদালতে সাধারণ ডায়েরি (জিডি) করার তিন দিনের মাথায় প্রতিপক্ষের বিরুদ্ধে এই হামলার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী আজম নূরের দেওয়া তথ্যমতে, জমি নিয়ে তাঁর ভাই প্রবাসী আব্দুল কাদের ও রুহুল কাদেরের সঙ্গে স্থানীয় মফজল আহমদ ও আবুল কাসেমের দীর্ঘদিনের বিরোধ চলছে। প্রতিপক্ষ জোরপূর্বক জমি দখল ও হুমকির চেষ্টা করায় গত ২৯ জুন তিনি বাঁশখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, ওই জিডির তিন দিনের মাথায় গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ৮ থেকে ১০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বসতবাড়ির ঘের-বেড়া ভাঙচুর করে এবং ঘরে ঢুকে স্বর্ণালংকার লুট করে।

হামলার সময় আজম নূরের ছোট ভাই আব্দুন নূরের স্ত্রী রোকেয়া বেগম এবং প্রবাসী আব্দুল কাদেরের স্ত্রী লাকি আক্তারকে মারধর ও জখম করা হয়। এ সময় লাকি আক্তারের গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও ভুক্তভোগীরা দাবি করেন।

বাদীপক্ষের অভিযোগ, মফজল আহমদ ও আবুল কাছিমের নেতৃত্বেই এই হামলা ও হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। এ বিষয়ে রুহুল কাদের জানান, নিরাপত্তার অভাব বোধ করায় তাঁরা আগেই আদালতকে বিষয়টি অবহিত করেছিলেন। এই হামলার ঘটনায় এখন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মফজল আহমদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোনটি বন্ধ পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়