চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

ভাঙন ঠেকাতে স্থায়ী তীররক্ষা বাঁধের উদ্যোগ, পাঁচ এমপির সমন্বিত প্রয়াস

ছবি : প্রতিদিনের সংবাদ

যমুনা নদীর ভয়াবহ ভাঙন থেকে বাম তীরের বিস্তীর্ণ এলাকা রক্ষায় টাঙ্গাইলের ভূঞাপুর থেকে মানিকগঞ্জ পর্যন্ত একটি স্থায়ী তীররক্ষা বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকার পাঁচজন সংসদ সদস্য সমন্বিতভাবে কাজ করছেন বলে জানিয়েছেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম।

শুক্রবার (৩ জুলাই) সকালে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের চর সলিমাবাদ গ্রামে যমুনা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা জানান।

এমপি আমিরুল ইসলাম খান আলীম বলেন, "যমুনায় ভাঙন শুরু হওয়ার পর থেকেই ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ভিত্তিতে জিওব্যাগ ডাম্পিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এই কার্যক্রম সাময়িকভাবে ভাঙন নিয়ন্ত্রণে সহায়ক হবে। তবে স্থায়ী সমাধানের জন্য টাঙ্গাইলের ভূঞাপুর থেকে মানিকগঞ্জ পর্যন্ত টেকসই তীররক্ষা বাঁধ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।" তিনি আরও জানান, প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে পাঁচজন সংসদ সদস্য একযোগে কাজ করছেন। ইনশাআল্লাহ প্রকল্পটি অনুমোদন হলে এ অঞ্চলের মানুষ দীর্ঘদিনের নদীভাঙনের দুর্ভোগ থেকে স্থায়ীভাবে মুক্তি পাবে।

এর আগে তিনি পয়লা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সরকারের বার্ষিক ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির মধ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ করেন।

পরবর্তীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি সহায়তা হিসেবে প্রতি পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন, নগদ ৬ হাজার টাকা এবং ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। একই সময়ে তিনি নদীভাঙন প্রতিরোধে চলমান জিওব্যাগ ডাম্পিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুল আমিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জাহিদ মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক কারী ময়নুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম এবং বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ছাইদুল ইসলাম নওশাদসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়