৮শ বছরের প্রাচীন ঐতিহ্য মানিকগঞ্জের 'মাচাইন শাহী মসজিদ'

মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নে অবস্থিত প্রায় ৮শ বছরের প্রাচীন ঐতিহ্যের প্রতীক 'মাচাইন শাহী জামে মসজিদ'। তুর্কি স্থাপত্যশৈলীর আদলে চুন, সুড়কি ও সাদা সিমেন্টের নিখুঁত কারুকাজে নির্মিত তিনটি গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি দেশের অন্যতম এক পুরাকীর্তি। প্রাচীন শিলালিপি অনুযায়ী এটি ১৫০১ সালে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ নির্মাণ করলেও, স্থানীয়দের মতে এর ইতিহাস আরও প্রাচীন।
লোকশ্রুতি আছে, স্বাধীন সুলতানি আমলে হযরত শাহ্ রুস্তম (র.) নামে এক দরবেশ ইয়েমেন বা ইরাক থেকে এখানে আসেন। তিনি ইছামতি নদীর ওপর বাঁশের ‘মাচাইন’ (মাচা) তৈরি করে সেখানে বসে ইবাদত ও ইসলাম প্রচার করতেন। তাঁর এই বাঁশের মাচার সূত্র ধরেই গ্রামটির নাম হয় ‘মাচাইন’। পরবর্তীতে এই সাধকের প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এখানে এই সুরম্য মসজিদটি প্রতিষ্ঠা করেন।
মানিকগঞ্জ জেলা শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরের এই ঐতিহাসিক স্থানটিতে ঢাকা-আরিচা মহাসড়কের টেপরা বা পাটুরিয়া ঘাট হয়ে সহজে যাতায়াত করা যায়। বর্তমানে ৩৩ শতাংশ জায়গার ওপর প্রতিষ্ঠিত এই প্রাচীন স্থাপত্যটি সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে। মসজিদটিকে কেন্দ্র করে স্থানীয়ভাবে একটি মাদ্রাসাও গড়ে উঠেছে।
ঐতিহাসিক এই স্থাপনাটি বর্তমানে কিছুটা সংস্কার সংকটে ভুগছে। কয়েক বছর আগে সংস্কার করা হলেও ইদানীং বর্ষায় এর গম্বুজ চুইয়ে ভেতরে পানি পড়ে বলে জানান মসজিদের ইমাম হাফেজ মাওলানা মিজানুর রহমান। মসজিদ কমিটির সহ-সভাপতি মো. খলিলুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা চৌধুরী ফিরোজ মিয়া এই প্রত্নতাত্ত্বিক সম্পদটি রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, গম্বুজ চুইয়ে পানি পড়ার বিষয়টি তাঁর জানা ছিল না। তবে ঐতিহাসিক এই নিদর্শনের ক্ষতি এড়াতে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পিডিএস/এমএইউ









































