শেরপুর প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

শেরপুরে ধানক্ষেত থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

ছবি : প্রতিদিনের সংবাদ

শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকার একটি ফসলি ক্ষেত থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত ইজিবাইক চালক কাজল মিয়া সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে কয়েকজন মুসল্লি রাস্তার পাশের একটি বটগাছের নিচে ধানক্ষেতে মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য মো. মমিনকে জানানো হয়।

ইউপি সদস্য মমিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ধানক্ষেতের মধ্যে মরদেহটি পড়ে আছে। মরদেহের হাত-পা ওপরের দিকে ছিল এবং আংশিকভাবে মাটিচাপা দেওয়া অবস্থায় ছিল। পরে শেরপুর সদর থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

এদিকে নিহতের স্বজনরা জানান, প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবার বিকেলেও ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন কাজল মিয়া। কিন্তু রাতে তিনি আর বাড়ি ফিরে আসেননি।

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, "খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত করা গেছে। এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।"

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়