শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

শিবচরে কাভার্ড ভ্যানের চাপায় নারী ও শিশুসহ নিহত ২, আহত ২

ছবি : প্রতিদিনের সংবাদ

মাদারীপুরের শিবচর উপজেলায় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের চাপায় বিথী আক্তার (৩৫) ও আয়েশা আক্তার (৯) নামে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন চাচি-ভাতিজি। এ দুর্ঘটনায় এক শিশু ও ভ্যানচালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে শিবচর-কুতুবপুর আঞ্চলিক সড়কের দ্বিতীয় খণ্ড ইউনিয়নের মোড়লকান্দি (নদীর পাড়) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উপজেলার দ্বিতীয় খণ্ড ইউনিয়নের মাদবরকান্দি এলাকার খাইরুল মাদবরের স্ত্রী বিথী আক্তার এবং একই এলাকার হারুন মাদবরের মেয়ে আয়েশা আক্তার।

আহতরা হলেন— সাহাদাত মাদবরের মেয়ে সাজেদা আক্তার (৯) এবং ভ্যানচালক লিটন মিয়া (৩০)। লিটন শিবচরের যাদুয়ারচর এলাকার মৃত হায়দার আলীর ছেলে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুরে বিথী আক্তার তার পরিবারের সদস্যদের নিয়ে একটি ব্যাটারিচালিত ভ্যানযোগে কুতুবপুর ইউনিয়নে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথিমধ্যে দ্বিতীয় খণ্ড ইউনিয়নের মোড়লকান্দি নদীর পাড় এলাকায় পৌঁছালে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঠিক একই সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান (ভিন্নমতে পিকআপ) তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ চারজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিথী ও আয়েশাকে মৃত ঘোষণা করেন। এছাড়া ভ্যানচালক লিটনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ আসিফ জানান, দুপুরে সড়ক দুর্ঘটনার শিকার চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। এদের মধ্যে পরীক্ষা-নিরীক্ষা করে দুইজনকে আমরা মৃত অবস্থায় পাই। বাকিদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়