চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
চকরিয়ায় গাছ কাটার বিরোধে ছোট ভাইয়ের দায়ে বড় ভাই খুন

কক্সবাজারের চকরিয়া উপজেলায় পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বসতভিটার গাছ কাটাকে কেন্দ্র করে সৃষ্ট তুচ্ছ বিরোধ মুহূর্তেই রক্তাক্ত সংঘর্ষে রূপ নেয়। এতে ছোট ভাইয়ের ধারালো দায়ের কোপে বড় ভাই নুরুল ইসলাম (৫২) নিহত হয়েছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছোট ভাই আব্দুর রহিম (৪২) পলাতক রয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নুরুল ইসলাম ওই এলাকার মৃত আলী হোছেনের ছেলে। পারিবারিক কারণে তিনি আলাদা হয়ে একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হরিখোলা এলাকায় বসবাস করলেও পৈত্রিক বসতভিটায় তাঁর মালিকানার দাবি ছিল। শুক্রবার সকালে ছোট ভাই আব্দুর রহিম ওই বসতভিটার কয়েকটি গাছ বিক্রির উদ্দেশ্যে কাটতে শুরু করলে পরিবারের সদস্যরা বিষয়টি নুরুল ইসলামকে জানান।
খবর পেয়ে নুরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে গাছ কাটার প্রতিবাদ করেন। এ সময় দুই ভাইয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আব্দুর রহিম ক্ষিপ্ত হয়ে হাতে থাকা ধারালো দা দিয়ে নুরুল ইসলামের পা, হাঁটু ও ঘাড়ে এলোপাতাড়ি কোপ দেয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দিন বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পৈত্রিক সম্পত্তি ও গাছ বিক্রি নিয়ে দুই ভাইয়ের বিরোধ থেকেই এ হত্যাকাণ্ডের সূত্রপাত। ঘটনার পরপরই অভিযুক্ত পালিয়ে যায়। পুলিশকে তাৎক্ষণিকভাবে বিষয়টি অবহিত করা হয়েছে।"
স্থানীয় সচেতন মহলের দাবি, পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এলাকায় মাঝেমধ্যেই উত্তেজনা সৃষ্টি হলেও তা নিরসনে কার্যকর সামাজিক বা আইনি উদ্যোগ নেওয়া হয়নি। বিরোধটি আগেই সামাজিকভাবে মীমাংসা করা গেলে হয়তো এই নির্মম প্রাণহানি এড়ানো সম্ভব হতো।
ঘটনাটি এলাকায় ব্যাপক শোক ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নিহতের পরিবারে বইছে গভীর শোকের ছায়া। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পিডিএস/এমএইউ









































