মদন (নেত্রকোনা) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

মৎস্য খাতের উন্নয়নে যা প্রয়োজন সব করা হবে: প্রতিমন্ত্রী টুকু

ছবি : প্রতিদিনের সংবাদ

মৎস্য খাতের উন্নয়ন ও জেলেদের কল্যাণে যা যা প্রয়োজন, সরকার তার সবকিছুই বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, "মৎস্য সম্পদের প্রসারে যে কাজগুলো করলে মানুষের উপকার হবে, সেসব কাজই অগ্রাধিকার ভিত্তিতে করা হবে। পাশাপাশি এই অঞ্চলের রাস্তাঘাটসহ প্রয়োজনীয় অবকাঠামোরও উন্নয়ন করা হবে।"

শুক্রবার নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর খেলার মাঠে আয়োজিত এক পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় রাজনীতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, “এই এলাকার মা-মাটি ও মানুষের নেতা লুৎফুজ্জামান বাবর। দীর্ঘ ১৭ বছর তিনি নির্যাতন-নিপীড়ন সহ্য করেছেন। তাঁর সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক রয়েছে।”

মাদক সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “বাংলাদেশে কোনো মাদকের কারখানা নেই। আশপাশের দেশগুলো আমাদের দেশে মাদক প্রবেশ করিয়ে সমাজকে ধ্বংস করার চেষ্টা করছে। এ বিষয়ে সমাজের সবাইকে সর্বদা সজাগ থাকতে হবে।”

উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

তিনি জেলেদের উদ্দেশে বলেন, “বছরের নির্দিষ্ট চার মাস মাছ ধরা থেকে বিরত থাকলে মাছের উৎপাদন বহুগুণ বাড়বে। এতে এই এলাকার মানুষের অভাব-অনটন অনেকটাই দূর হবে।”

স্মৃতিচারণ করে হাবিবুর রশিদ হাবিব আরও বলেন, “আমি যতবার কারাগারে গেছি, ততবারই আমাদের প্রিয় বড় ভাই লুৎফুজ্জামান বাবর ভালোবাসা দিয়ে আমার পাশে থেকেছেন। আমার পূর্বপুরুষেরাও এই এলাকার বাসিন্দা ছিলেন। তাই এ অঞ্চলের উন্নয়নে যা যা প্রয়োজন, আমি তা বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করব, ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাদির হোসেন শামীমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর আনুষ্ঠানিকভাবে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়