reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

শততম ম্যাচে আরেকটি জয়ের লক্ষ্য স্কালোনির

ছবি : সংগৃহীত

২০১৮ বিশ্বকাপে রাউন্ড অব সিক্সটিন থেকে আর্জেন্টিনার বিদায়ের পর যখন হন্যে হয়ে কোচ খুঁজছিল আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ), তখন বড় অঙ্কের অর্থ খরচ করার মতো পরিস্থিতি ছিল না তাদের। ঠিক তখনই হোর্সে সাম্পাওলির সহকারী হিসেবে কাজ করা লিওনেল স্কালোনির কাঁধে তুলে দেওয়া হয় দলের দায়িত্ব। ভারপ্রাপ্ত হিসেবে শুরু করা স্কালোনির পূর্ব অভিজ্ঞতা না থাকায় চারদিকে সমালোচনার ঝড় ওঠে। এমনকি কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা মন্তব্য করেছিলেন, "স্কালোনির ট্রাফিক সামলানোর ক্ষমতাই নেই।" তবে সময়ের পরিক্রমায় স্কালোনি শুধু ফুটবল ঈশ্বরকেই ভুল প্রমাণ করেননি, নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আর্জেন্টিনা ফুটবলের রূপকথার মহানায়ক হিসেবে।

দায়িত্ব পেয়েই অভিজ্ঞ ও তরুণ ফুটবলারদের সমন্বয়ে দল পুনর্গঠনে নামেন এই ‘মাস্টারমাইন্ড’। কঠোর পরিশ্রম আর মেধার জোরে আর্জেন্টিনাকে এনে দেন একের পর এক সাফল্য। তাঁর অধীনেই আলবিসেলেস্তেরা ২০২১ ও ২০২৪ সালে দুটি কোপা আমেরিকা এবং ২০২২ সালে জিতেছে ফাইনালিসিমা। আর সব সাফল্যকে ছাপিয়ে ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে এনে দিয়েছেন পরম আরাধ্য বিশ্বজয়।

এবার আরও একটি বিশ্বকাপ জয়ের মিশনে স্কালোনির অধীনে অপ্রতিরোধ্য গতিতে ছুটছেন লিওনেল মেসিরা। চলতি আসরের গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে তারা জায়গা করে নিয়েছে নকআউট পর্বে। বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৪টায় শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে। আর এই ম্যাচটি দিয়েই আর্জেন্টিনার কোচ হিসেবে শততম (১০০) ম্যাচের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন লিওনেল স্কালোনি। প্রিয় কোচের এই বিশেষ ম্যাচটি দারুণ জয়ে রাঙিয়ে দিতে মুখিয়ে আছেন মেসি-মার্টিনেজরা।

গত আট বছরে স্কালোনির অধীনে বিশ্বফুটবলের অন্যতম সেরা দলে পরিণত হয়েছে আর্জেন্টিনা। এখন পর্যন্ত তাঁর কোচিংয়ে খেলা ৯৯টি ম্যাচের মধ্যে ৭২টিতেই জিতেছে আর্জেন্টিনা, ড্র হয়েছে ১৮টি এবং মাত্র ৯টি ম্যাচে পরাজয়ের মুখ দেখতে হয়েছে। এছাড়া ২০১৯ সালের জুলাই থেকে ২০২২ সালের নভেম্বর পর্যন্ত টানা ৩৬টি ম্যাচে অপরাজিত থাকার অনন্য রেকর্ড গড়েছিল তাঁর দল।

নিজের ১০০তম ম্যাচ নিয়ে আলাদাভাবে রোমাঞ্চিত নন এই প্রচারবিমুখ কোচ। স্কালোনি বলেন, "সত্যি বলতে, আমি এটা নিয়ে আলাদাভাবে ভাবছি না। দল কোথায় দাঁড়িয়ে আছে এবং ম্যাচের ফলাফল কী হবে, সেটাই আমার কাছে সবচেয়ে বড় বিষয়।" তবে আর্জেন্টিনার মতো ফুটবল পরাশক্তির ডাগআউটে শততম ম্যাচে দাঁড়ানো যে বিশেষ কিছু, তা স্বীকার করে তিনি বলেন, "আর্জেন্টাইন জার্সিতে ১০০ একটি বড় সংখ্যা। এটি অবশ্যই এক বিশেষ মুহূর্ত।" এখন দেখার বিষয়, কোচের এই বিশেষ মুহূর্তটিকে মেসিরা মাঠের জয়ে কতটা স্মরণীয় করে রাখতে পারেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়