গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গোবিন্দগঞ্জে চালককে মারধরে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জহুরুল প্রধান (৪৫) নামে এক গ্রিল মিস্ত্রির মৃত্যুকে কেন্দ্র করে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার কাটা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জহুরুল প্রধান গোবিন্দগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড চক গোবিন্দপুর চরপাড়া গ্রামের মৃত খালেক প্রধানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জহুরুল প্রধান একটি অটোরিকশায় করে কাটা মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় এরশাদ আলীসহ দুই-তিনজন ব্যক্তি অটোরিকশার চালককে মারধর শুরু করেন। জহুরুল প্রধান ওই মারধরে বাধা দিলে অভিযুক্ত এরশাদ আলী তাঁর বুকে সজোরে ঘুষি মারেন এবং মারধর করেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পিডিএস/এমএইউ









































