সিরাজগঞ্জ প্রতিনিধি

  ৫৫ মিনিট আগে

সিরাজগঞ্জে 'প্রিয় সলঙ্গার গল্প'র উদ্যোগে ঝুঁকিপূর্ণ সড়ক সংস্কার

ছবি : প্রতিদিনের সংবাদ

সিরাজগঞ্জের সলঙ্গায় দীর্ঘদিন ধরে খানাখন্দে ঝুঁকিপূর্ণ হয়ে পড়া একটি গুরুত্বপূর্ণ সড়ক অবশেষে স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে সংস্কার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রিয় সলঙ্গার গল্প’। এতে যানবাহন চলাচলের দুর্ভোগ অনেকটাই কমেছে এবং সাধারণ মানুষের যাতায়াতে স্বস্তি ফিরে এসেছে।

জানা গেছে, রামারচর বিশ্বরোড থেকে সলঙ্গা ডিগ্রি কলেজ সড়কের কুতুবের চর কবরস্থান (নতুন ব্রিজ) সংলগ্ন অংশ ও ফাজিল মাদ্রাসা মোড় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বিশেষ করে আষাঢ়ের বর্ষা মৌসুমে বৃষ্টির পানি ও কাদায় সড়কটি প্রায় অচল হয়ে যেত। ফলে প্রতিদিন হাজারো পথচারী ও শত শত যানবাহনের চালককে চরম দুর্ভোগ পোহাতে হতো।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সমস্যা বিদ্যমান থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের দুর্ভোগ বিবেচনায় এগিয়ে আসে স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রিয় সলঙ্গার গল্প’। আজ শুক্রবার সকালে সংগঠনের সভাপতি কে. এম. আমিনুল ইসলাম ও চিফ অ্যাডমিন শাহ আলম মাস্টারের নেতৃত্বে উপদেষ্টা, অ্যাডমিন, মডারেটরসহ একঝাঁক তরুণের অংশগ্রহণে নিজস্ব অর্থায়নে খোয়া, বালি ও রাবিশ ফেলে ঝুঁকিপূর্ণ অংশটি সংস্কার করে চলাচলযোগ্য করা হয়।

সংগঠনের মডারেটর হারুন, শাহিদুল, নাজমুল ও মনি বলেন, "এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে আমরা নিজেরাও দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছিলাম। কেউ উদ্যোগ না নেওয়ায় আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী কাজটি করেছি। এতে অন্তত সাধারণ মানুষের কিছুটা দুর্ভোগ লাঘব হবে।"

স্থানীয় বাসিন্দারা জানান, ‘প্রিয় সলঙ্গার গল্প’র এই মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তবে এই সাময়িক সংস্কারের পরিবর্তে সড়কটির টেকসই উন্নয়নের জন্য দ্রুত সরকারি বরাদ্দ ও স্থায়ী সংস্কার কাজ বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়