reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

অবসরের গুঞ্জন উড়িয়ে রোনালদো বললেন, ‘সিদ্ধান্ত নেব শান্ত মাথায়’

ছবি : সংগৃহীত

ক্রোয়েশিয়ার বিপক্ষে নকআউট পর্বের মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগেই ফুটবল বিশ্বে ছড়িয়ে পড়েছিল তাঁর অবসরের গুঞ্জন। আর এই গুঞ্জনের ডালপালা মেলেছিল খোদ ক্রিস্টিয়ানো রোনালদোর বোন কাতিয়া আভেইরোর একটি বিস্ফোরক মন্তব্য থেকে। টরন্টো স্টেডিয়ামের বাইরে কাতিয়া বলেছিলেন, "আমার কাছে থাকা নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী, সমর্থকরা এবার তাকে বিদায় জানাতে পারেন। আজই নয়, তবে আমার মনে হয় এটাই তার শেষ ম্যাচ (লাস্ট ডান্স)।"

বোনের এমন মন্তব্যে মাঠের বাইরে শোরগোল পড়ে গেলেও ম্যাচ শেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ৪১ বছর বয়সী এই পর্তুগিজ মহাতারকা। তবে বোন কাতিয়ার দেওয়া অবসরের বার্তা একপ্রকার উড়িয়েই দিয়েছেন তিনি।

আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাওয়া হলে রোনালদো বলেন, "এই মুহূর্তে আমার ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ নয়। আমরা জিতি বা হারি, টুর্নামেন্ট শেষ হওয়ার পর আমি আমার পরিবারের সঙ্গে কথা বলব। তারপর সবার জন্য যেটা সবচেয়ে ভালো হবে, সেই সিদ্ধান্তই নেব।" আবেগের বশে কোনো ভুল সিদ্ধান্ত নিতে চান না উল্লেখ করে সিআরসেভেন আরও যোগ করেন, "আমি সবকিছুই শান্তভাবে করতে পছন্দ করি। এই ঐতিহাসিক মুহূর্তটা উপভোগ করাই এখন সবচেয়ে বড় বিষয়।"

এর আগে টরন্টোতে রাউন্ড অব বত্রিশের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়েছিল পর্তুগাল। তবে পেনাল্টি থেকে অত্যন্ত ঠান্ডা মাথায় গোল করে দলকে সমতায় ফেরান রোনালদো। দীর্ঘ ২০ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে এই প্রথম বিশ্বকাপের কোনো নকআউট ম্যাচে গোলের দেখা পেলেন সিআরসেভেন।

পরবর্তীতে ম্যাচের ৯৪ মিনিটে গঞ্চালো রামোসের নাটকীয় ও দর্শনীয় গোলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। এই শ্বাসরুদ্ধকর জয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর পরবর্তী ধাপে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে রোনালদোর দল।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়