reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

শেষ ষোলোয় রেকর্ড গড়লেন স্প্যানিশ গোলরক্ষক

দলকে শেষ ষোলোয় তোলার পাশাপাশি আরেকটি রেকর্ড গড়েছেন স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন। বিশ্বকাপ ইতিহাসে দীর্ঘতম ক্লিন শিট রক্ষার নতুন গিনেস বিশ্ব রেকর্ড এখন তার। লস অ্যাঞ্জেলেসে অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে লা রোহা।

স্পেনের হয়ে টানা ৫১৯ মিনিট কোনো গোল হজম না করে সিমন ভেঙে দিয়েছেন ইতালীয় গোলরক্ষক ওয়াল্টার জেঙ্গার আগের রেকর্ড, যা ছিল ৫১৮ মিনিটের। ১৯৯০ সালে গড়া জেঙ্গার সেই রেকর্ড ভেঙেছিল ইতালিয়া ৯০-এর সেমিফাইনালে আর্জেন্টিনার ক্লদিও কানিজিয়ার দ্বিতীয়ার্ধের গোলে।

আতলেতিক বিলবাওয়ের হয়ে খেলা সিমন চলতি বিশ্বকাপে অস্ট্রিয়া, কেপ ভার্দে, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে ক্লিন শিট রেখেছেন। এর সঙ্গে যোগ হয়েছে কাতার ২০২২-এ মরক্কোর বিপক্ষে ম্যাচের ১২০ মিনিট, যদিও সেই ম্যাচ পেনাল্টিতে হেরেছিল স্পেন। একই সঙ্গে যুক্ত হয়েছে সেই টুর্নামেন্টে জাপানের বিপক্ষে গ্রুপ পর্বের হারের ম্যাচের শেষ ৩৯ মিনিট।

তবে অস্ট্রিয়ার বিপক্ষে জয়ে কোনো ধরনের বেগ পেতে হয়নি স্পেনকে। রিয়াল সোসিয়েদাদ ফরোয়ার্ড মিকেল ওয়ারসাবালের নেতৃত্বে দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রিয়াকে সহজেই হারিয়েছে লুইস দে লা ফুয়েন্তের দল।

প্রথমার্ধের শেষদিকে বাঁ প্রান্তের ডিফেন্ডার মার্ক কুকুরেয়ার নিচু ক্রস থেকে গোল করে স্পেনকে এগিয়ে নেন ওয়ারসাবাল। ৬৬ মিনিটে হেডে ব্যবধান ২-০ করেন টটেনহাম হটস্পারের পেদ্রো পোরো। এরপর ৮৯ মিনিটে কুকুরেয়ার আরেকটি পাস থেকে ঠান্ডা মাথার ফিনিশিংয়ে ম্যাচের ফয়সালা করে দেন ওয়ারসাবাল নিজেই।

আক্রমণে উঠলেই বিপজ্জনক দেখাচ্ছিল স্পেনকে, অস্ট্রিয়ান গোলরক্ষক আলেকজান্ডার শ্লাগারের কয়েকটি দুর্দান্ত সেভ না থাকলে ব্যবধান আরও বড় হতে পারত।

এই জয়ে ডালাসে ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগালের মুখোমুখি হবে স্পেন। শেষ বত্রিশে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়