শালিখা (মাগুরা) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

৯২ দাবাড়ুর অংশগ্রহণ: শালিখায় ফিদে র‌্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত

ছবি : প্রতিদিনের সংবাদ

মাগুরার শালিখা উপজেলায় উৎসবমুখর পরিবেশে 'মৃধা ফিদে র‌্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট (বিলো ১৯৫০)' অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মোট ৯২ জন দাবাড়ু অংশ নেন।

শুক্রবার (৩ জুলাই) সকাল ১১টায় উপজেলার রায়জাদাপুর আদাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মদ। এ সময় শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টটি পরিচালনা করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের বিচারক আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, "দিন দিন গ্রামাঞ্চলেও দাবা খেলা জনপ্রিয় হয়ে উঠছে; শালিখার প্রত্যন্ত অঞ্চলে এমন একটি ফিদে রেটিং টুর্নামেন্টের আয়োজন তারই প্রমাণ।" যুবসমাজকে অনলাইন জুয়া ও মোবাইল আসক্তি থেকে ফিরিয়ে এনে সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে দাবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে উল্লেখ করে তিনি সবাইকে মাদক ছেড়ে খেলাধুলার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান।

শালিখা মৃধা দাবা ক্লাবের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী দাবাড়ুরা তাঁদের মেধা ও কৌশল প্রদর্শন করেন। দিনব্যাপী অনুষ্ঠিত প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

আয়োজক সংগঠন মৃধা দাবা ক্লাবের কর্ণধার ও সাবেক ইউপি সদস্য হারুন মৃধা জানান, তরুণদের মধ্যে বুদ্ধিবৃত্তিক চর্চা বৃদ্ধি, কৌশলগত চিন্তাশক্তির বিকাশ এবং দাবা খেলাকে আরও জনপ্রিয় করে তোলার লক্ষ্যেই এই আয়োজন।

অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত থেকে প্রতিযোগীদের উৎসাহ দেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী শীর্ষ ১০ জন দাবাড়ুর মাঝে পুরস্কার হিসেবে মোট ৩৫ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করা হয়।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়