reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

পেনাল্টি মিস করা অস্ট্রেলিয়ান তরুণকে যা বললেন ইব্রাহিমোভিচ

বিশ্বকাপের শেষ বত্রিশের লড়াইয়ে পেনাল্টি মিস করে অস্ট্রেলিয়ার বিদায়ের অন্যতম কারণ হয়ে দাঁড়ান ১৮ বছর বয়সী লুকাস হেরিংটন। ম্যাচ শেষে হতাশায় ভেঙে পড়া এই তরুণের পাশে দাঁড়িয়েছেন সুইডেনের কিংবদন্তি ফুটবলার ইব্রাহিমোভিচ।

মিশরের বিপক্ষে নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ১-১ সমতায় ছিল ম্যাচ। পরে ভাগ্য নির্ধারণ হয় পেনাল্টি শুটআউটে। অস্ট্রেলিয়ার হয়ে চতুর্থ শট নিতে এসে হেরিংটনের নেওয়া বল ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর মিশরের হোসাম আবদেলমাগিদ গোল করে দলকে জয় এনে দেন। টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় অস্ট্রেলিয়া।

বিশ্বকাপে বিশ্লেষকের দায়িত্ব পালন করা ইব্রাহিমোভিচ বলেন, ‘পেনাল্টি অনেকটা ভাগ্যের মতো। গোল করলে তুমি নায়ক, আর মিস করলে সবাই তোমাকে দোষ দেয়।’

হেরিংটনকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘তোমার বয়স মাত্র ১৮ বছর। ক্যারিয়ারের এ তো কেবল শুরু। পেনাল্টি নিতে এগিয়ে এসে তুমি যে সাহস দেখিয়েছ, সেটাই সবচেয়ে বড় বিষয়। সবাই এমন সাহস দেখাতে পারে না। তুমি সেরাদের একজন। অন্যদের কথায় কান দিও না।’

এমনকি প্রয়োজনে নিজের সঙ্গে যোগাযোগ করার আমন্ত্রণও জানান সুইডিশ কিংবদন্তি।

ইব্রাহিমোভিচের এমন বার্তা পেয়ে আবেগাপ্লুত হেরিংটন বলেন, ‘আমি নিজেই নিজের সবচেয়ে বড় সমালোচক। তাই ফুটবল ইতিহাসের একজন কিংবদন্তির কাছ থেকে এমন কথা শুনে অনেক ভালো লাগছে।’

তিনি জানান, অনেকেই হয়তো প্রশ্ন তুলবেন কেন তিনি পেনাল্টি নিতে এগিয়ে গিয়েছিলেন। তবে দলের প্রশিক্ষক ও সতীর্থরা তার ওপর পূর্ণ আস্থা রেখেছিলেন। অনুশীলনেও তিনি নিয়মিত পেনাল্টি সফলভাবে নিয়েছিলেন।

হেরিংটনের ভাষায়, ‘আমি জানতাম কোথায় বল রাখতে চাই। নিজের মতো করেই শট নিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন সবকিছু আমার পক্ষে যায়নি।’

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়