চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির অভিযোগের প্রতিবাদ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল মওকুফের দাবিতে আন্দোলন চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
শনিবার বেলা ১১টায় শহরের ফুড অফিস মোড় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাতেনখাঁর মোড়ে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামিউল হক সোহেলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব বাবর আলী রুমন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, সদস্যসচিব গোলাম কিবরিয়া শাওন, জেলা ছাত্রদলের সভাপতি ফজলে আজিম মিম এবং স্থানীয় অটোবাইক-সিএনজি সমিতির সাধারণ সম্পাদক সাইদুল ইসলামসহ আরও অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, সেতুর টোল প্রত্যাহারের দাবির নামে একটি কুচক্রী মহল মানববন্ধন ডেকে দীর্ঘ ৭ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এতে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। মানববন্ধনের নামে বিভিন্ন সংস্থার জরুরি যানবাহনও আটকে দেওয়া হয়, যা মোটেও কাম্য নয়। আন্দোলনের নামে একটি স্বার্থান্বেষী মহল জেলার সামগ্রিক উন্নয়ন বাধাগ্রস্ত করার চক্রান্তে লিপ্ত রয়েছে এবং এই কর্মসূচির আড়ালেই প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে অশালীন বক্তব্য দেয়া হয়েছে।
রাজনৈতিক মতপার্থক্যের জের ধরে এ ধরনের উস্কানি, হুমকি ও জনদুর্ভোগ সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে বক্তারা অবিলম্বে শান্তিশৃঙ্খলা বিনষ্টকারী এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।









































