reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

১৯ লাখ টাকার তেল লুটে চালক হত্যা: র‍্যাবের জালে চক্রের প্রধান সহযোগী

মাগুরায় ১৯ লাখ টাকা মূল্যের ভোজ্যতেলবাহী ট্রাক ছিনতাই এবং চালক আব্দুর রহমান হত্যা মামলার অন্যতম প্রধান সহযোগী সাগর মোল্লাকে (৩৯) গ্রেপ্তার করেছে র‍্যাব। ফেনী জেলার সদর উপজেলার মুহুরী ফিলিং স্টেশন এলাকা থেকে বুধবার রাতে র‍্যাব-৪ ও র‍্যাব ৭-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গত ১৮ মে নারায়ণগঞ্জ থেকে ৬০ ব্যারেল ভোজ্যতেল নিয়ে মাগুরার উদ্দেশ্যে রওনা দেন ট্রাকচালক আব্দুর রহমান (৫৮)। পথে তার পরিচিত ট্রাকচালক ওহিদুল ইসলাম ও আজাদ হোসেন ওরফে হিটলার তার সঙ্গে যোগ দেন। পরিকল্পনা অনুযায়ী ফরিদপুরের ভাঙ্গা এলাকায় ট্রাক থামিয়ে আগে থেকেই ওত পেতে থাকা সাগর মোল্লাকে ট্রাকে তোলা হয়।

পরে নির্জন স্থানে পৌঁছে তিনজন মিলে গামছা দিয়ে শ্বাসরোধ করে চালক আব্দুর রহমানকে হত্যা করে। এরপর ট্রাকের ভেতর লাশ রেখে মাগুরা সদর এলাকায় তেল খালাস করা হয়। পরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খালকুড়া এলাকায় ট্রাক ও চালকের মরদেহ ফেলে পালিয়ে যায় তারা।

গত ২০ মে কালীগঞ্জের খেদপাড়া এলাকায় পরিত্যক্ত ট্রাকের ভেতর থেকে চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার হলে ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হয়।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, ট্রাকভর্তি ভোজ্যতেল ছিনতাইয়ের উদ্দেশ্যেই চালককে হত্যা করা হয়েছিল। এর আগে মামলার মূল পরিকল্পনাকারী ওহিদুল ইসলামকে গত ৯ জুন গ্রেপ্তার করে র‍্যাব। এছাড়া পুলিশ ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে এবং ছিনতাইকৃত ট্রাকসহ বিপুল পরিমাণ ভোজ্যতেল উদ্ধার করেছে।

ঘটনার পর র‍্যাব সিসিটিভি ফুটেজ, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ছায়া তদন্ত শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের পর পলাতক সাগর মোল্লার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়