সোহরাওয়ার্দী হাসপাতালে স্বর্ণের চেইন চুরির অভিযোগে দুই নারী আটক

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে স্বর্ণের চেইন চুরির অভিযোগে দুই নারীকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা চুরি হওয়া স্বর্ণের চেইন যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।
শনিবার (৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে হাসপাতালের ষষ্ঠ তলার ৬৩২ নম্বর ওয়ার্ডে এক নারী সেবাপ্রত্যাশীর চিৎকার শুনে টহলরত আনসার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে জনতার হাতে আটক দুই নারীকে নিজেদের হেফাজতে নেন।
আটক দুই নারী হলেন শান্তা আক্তার, পিতা রঞ্জু মিয়া এবং সাথী, পিতা সোহেল মিয়া। তাদের দুজনের বাড়িই হবিগঞ্জ জেলার গণেশপুর এলাকায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, শ্যাম চাঁদ আক্তার নামে এক নারী সেবাপ্রত্যাশীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি করে পালানোর চেষ্টা করলে তিনি চিৎকার শুরু করেন। এতে উপস্থিত লোকজন দুই নারীকে আটক করেন। পরে আনসার সদস্যরা তাদের দেহ তল্লাশি করে চুরি হওয়া স্বর্ণের চেইন উদ্ধার করেন এবং সেটি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেন।
ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক দুই নারীকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
অভিযানে আনসার টহল দলের প্লাটুন কমান্ডার (পিসি) মো. সাদেক হোসেন বাচ্চু, সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) মো. শফিকুল ইসলাম এবং আনসার সদস্য মো. আব্দুল আউয়াল ও মো. সাইদুল ইসলাম দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হাসপাতালসহ বিভিন্ন জনসেবামূলক প্রতিষ্ঠানে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছেন। এ ঘটনার মাধ্যমে চুরি হওয়া মালামাল উদ্ধার এবং অভিযুক্তদের আইনের আওতায় আনতে তাৎক্ষণিক পদক্ষেপের কার্যকারিতা আবারো প্রমাণিত হয়েছে।









































