রংপুর ব্যুরো

  ১ ঘণ্টা আগে

গ্রামীণ অর্থনীতি জনপদের সুষম উন্নয়নে গুরুত্বারোপ: বিভাগীয় কমিশনার 

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্যে রংপুরে যথাযথ মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস, ২০২৬ উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সোমবার সকালে রংপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন,আজকের দিবসের মূল দর্শন হচ্ছে ‘আমি নই, আমরা’। এই সামষ্টিক চেতনাকে যদি আমরা হৃদয়ে ধারণ করতে পারি,তবেই দেশের গ্রামীণ অর্থনীতি ও সাধারণ মানুষের প্রকৃত ভাগ্যোন্নয়ন সম্ভব। দেশের অতীত ও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির তুলনা করে বিভাগীয় কমিশনার বলেন,অতীতে এদেশের মানুষকে অনাহারে-অর্ধাহারে অনেক কষ্ট করতে হয়েছে। কিন্তু আজ বাংলাদেশ সেই অবস্থানে নেই। দেশ এখন ট্রিলিয়ন ডলারের এক উদীয়মান অর্থনীতির পথে এগিয়ে যাচ্ছে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (ঝউএ), ২০৩০ অর্জনে দারিদ্র্য বিমোচন,নারীর ক্ষমতায়ন এবং গুণগত শিক্ষা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন প্রধান অতিথি।

তিনি সবাইকে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে একসঙ্গে গ্রামীণ রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করার আহ্বান জানান। পল্লী উন্নয়নের সুফল তুলে ধরে তিনি বিআরডিবি থেকে ঋণ নিয়ে স্বাবলম্বী হওয়া সফল নারীদের উদাহরণ দেন। বিভাগীয় কমিশনার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাউকে পেছনে না রেখে, সবাইকে সাথে নিয়ে গ্রামীণ জনপদের সুষম উন্নয়ন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ মাহফুজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রমিজ আলম, বিআরডিবি রংপুর বিভাগীয় কার্যালয়েরর যুগ্মপরিচালক মোঃ সহিদুর রহমান সুমন, বিআরডিবি রংপুরের উপপরিচালক মোছাঃ নুরেলা আকতার প্রমুখ।

আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিআরডিবির সুফলভোগী সদস্যদের মাঝে গাছের চারা ও ঋণের চেক বিতরণ করেন। এর আগে দিবসটি উপলক্ষ্যে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে গিয়ে শেষ হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়