ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

  ৫৮ মিনিট আগে

ভালুকায় জিম্মিদশা থেকে অসুস্থ বাবাকে উদ্ধারের দাবিতে মেয়ের সংবাদ সম্মেলন

ছবি : প্রতিদিনের সংবাদ

ময়মনসিংহের ভালুকায় অসুস্থ বাবাকে জিম্মিদশা থেকে উদ্ধার ও তাঁর নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নুরুল ইসলাম ওরফে মাসুদ আলমের একমাত্র মেয়ে নাজমিন আক্তার লিজা। সোমবার (৬ জুলাই) দুপুরে ভালুকা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে নাজমিন আক্তার লিজা লিখিত বক্তব্যে দাবি করেন, তাঁর অসুস্থ পিতা নুরুল ইসলামকে (৫৫) তাঁর চাচা শামছুদ্দিন এবং চাচাতো ভাই আপেল মাহমুদ উপজেলার ধীতপুর ইউনিয়নের ধীতপুর গ্রামের বাড়িতে দীর্ঘদিন ধরে জিম্মি করে রেখেছেন। ব্রেন স্ট্রোক করার পর প্যারালাইজড হয়ে তাঁর বাবা বর্তমানে সম্পূর্ণ শয্যাশায়ী এবং কথা বলতে অক্ষম। এই অসহায়ত্বের সুযোগ নিয়ে চাচা ও চাচাতো ভাই মিলে তাঁর বাবার উপার্জিত স্থাবর-অস্থাবর সম্পত্তি এবং জমিজমার যাবতীয় কাগজপত্র নিজেদের হেফাজতে নিয়ে নিয়েছেন। জমি ভাগ করে দেওয়া কিংবা কাগজ দেখানোর কথা বললে তাঁরা লিজাকে নানামুখী তালবাহানা ও হুমকি দিচ্ছেন।

লিজা আরও জানান, দীর্ঘদিন প্রবাসে থাকার পর দুই বছর আগে তাঁর বাবা দেশে ফেরেন। আড়াই মাস আগে তিনি স্ট্রোক করার পর থেকে পরিবারের অন্য সদস্যরা তাঁর সঙ্গে স্বাভাবিকভাবে দেখা-সাক্ষাৎ বা যোগাযোগ করতে পারছেন না। পিতাকে এই জিম্মিদশা থেকে উদ্ধার এবং তাঁর সুচিকিৎসা নিশ্চিত করার জন্য প্রশাসনের বিভিন্ন দপ্তরে একাধিকবার লিখিত অভিযোগ ও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর প্রতিকার মেলেনি। ফলে বাবার জীবন ও সম্পত্তি নিয়ে চরম নিরাপত্তাহীনতার আশঙ্কা করছেন তিনি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অবিলম্বে অসুস্থ নুরুল ইসলামকে উদ্ধার, তাঁর সুচিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সম্পত্তি আত্মসাত ও জিম্মি করার এই গুরুতর অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত চাচাতো ভাই আপেল মাহমুদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোনটি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়